পরিবহন ‘ধর্মঘটেও’ ঢাকার ৭ কলেজের ভর্তি পরীক্ষা হবে
ডিজেলের দাম বাড়ানোর পর পরিবহনের ভাড়া বাড়ানোর দাবিতে শুক্রবার থেকে বাস চলাচল বন্ধের ঘোষণা এলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ২০২০-২১ শিক্ষাবর্ষের বাণিজ্য ইউনিটের এই পরীক্ষা চলবে।
ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম বৃহস্পতিবার রাতে পরীক্ষা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঘণ্টাখানেক আগেও আমি পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করে এসেছি। সব প্রস্তুতি নেওয়া আছে। পরীক্ষা নির্ধারিত সময়েই হবে।”
এবার বাণিজ্য অনুষদের পরীক্ষার মাধ্যমেই সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। এছাড়া ৬ নভেম্বর বিজ্ঞান অনুষদ এবং ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রতিটি ইউনিটে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় বসতে হবে ভর্তিচ্ছুদের। এছাড়া এসএসসি ও এইচএসসির ফলাফল থেকে ২০ নম্বর থাকবে।
সাত কলেজে এবার আসন রয়েছে ২৬ হাজার ১৬০টি, যার বিপরীতে আবেদন পড়েছে ৯৫ হাজার ৬২২টি।
এর মধ্যে শুক্রবার পরীক্ষা হতে যাওয়া বাণিজ্য ইউনিটের ৫ হাজার ৩১০টি আসনের বিপরীতে ভর্তির জন্য আবেদন করেছেন ২৩ হাজার সাতশ’ জন।
তবে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর সিদ্ধান্তের পর এর প্রতিবাদে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস-ট্রাক চালানো বন্ধের ঘোষণায় পরীক্ষা নিয়ে উদ্বেগে রয়েছেন অনেকে।
