গ্লাসগো থেকে লন্ডনে প্রধানমন্ত্রী
গ্লাসগোয় বিশ্ব জলবায়ু সম্মেলনে অংশ নিয়ে লন্ডন পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে উদ্ধৃত করে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইটে প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে বুধবার যুক্তরাজ্য সময় বেলা ১টা ৫২ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার সাইদা মুনা তাসনিম। প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব নেতৃবন্দের শীর্ষ সম্মেলন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের বৈঠকে যোগদানের লক্ষ্যে যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফর করছেন।
গত ৩১ অক্টোবর তিনি গ্লাসগো পৌঁছান। সেখানে কপ-২৬ শীর্ষ সম্মেলনে বক্তব্য দেওয়ার পাশাপাশি নানা আলোচনা ও দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেন তিনি।
লন্ডন থেকে ৯ নভেম্বর প্যারিস সফরে যাবেন প্রধানমন্ত্রী। আগামী ১৪ নভেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরের খবর
