বাংলাদেশ এসএটিআরসির চেয়ারম্যান নির্বাচিত
২০২৩ সাল মেয়াদে দক্ষিণ এশীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার জোটের (সাউথ এশিয়ান টেলিকমিউনিকেশন রেগুলেটরস কাউন্সিল-এসএটিআরসি) চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বাংলাদেশ।
কাউন্সিল এর দ্বিতীয় দিন এসএটিআরসি এর ভবিষ্যত কার্যক্রম নির্ধারণ সভায় আগামী ২০২৩ সালের এসএটিআরসি সভা বাংলাদেশে অনুষ্ঠিত হওয়াসহ বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারকে বর্তমান মেয়াদে এসএটিআরসির ভাইস-চেয়ারম্যান এবং ২০২৩ মেয়াদে এসএটিআরসির চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
সভায় এসএটিআরসিভুক্ত ৯টি দেশ-বাংলাদেশ, ভুটান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, ইরানের টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার প্রধান এবং বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক টেলিযোগাযোগ সংস্থা আইটিইউ এবং এশিয়া প্যাসিফিক টেলিকমিউনিটি’র উদ্যেগে ১৯৯৭ সালে এসএটিআরসি নামে ফোরাম গঠিত হয়। এই সংস্থা বেতার তরঙ্গ সমন্বয়, নিয়ন্ত্রক প্রবণতা, টেলিযোগাযোগ উন্নয়নে কৌশল এবং টেলিযোগাযোগ সংক্রান্ত আঞ্চলিক সহযোগিতা ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কর্মকৌশল নির্ধারণ করে থাকে।
সদস্য দেশগুলোর স্বার্থ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে প্রতিবছর এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। এর আগে বাংলাদেশের চারবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
