২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস্তবমুখী ও উদ্ভাবনী প্রশিক্ষণে জোর সেনাপ্রধানের

সামরিক বাহিনীর প্রশিক্ষণ যেন আধুনিক সমর প্রযুক্তির সাথে সামঞ্জস্যপূর্ণ, বাস্তবমুখী এবং উদ্ভাবনী চিন্তা সমৃদ্ধ হয়, সে বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2021, 06:53 PM

Updated : 10 Oct 2022, 06:21 PM

সোমবার সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের (এএসসি) ৪০তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এ বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সামরিক কর্মকর্তা এবং আর্মি সার্ভিস কোরের অধিনায়কদের উদ্দেশে।

খুলনা জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসিএ্যান্ডএস) এ সম্মেলন হয় বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।

সেনাপ্রধান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী আর্মি সার্ভিস কোরের শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। দেশে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আর্মি সার্ভিস কোরের ভূমিকার প্রশংসা করেন।

সেনাসদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং আর্মি সার্ভিস কোরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা সম্মেলনে উপস্থিত ছিলেন।

আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “সম্মেলনে সেনাপ্রধানের এই উপস্থিতিতে অংশগ্রহণকারীদের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি এবং কোরের প্রতিটি সদস্যদের মাঝে দেশ সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপনের প্রত্যয় পুনর্ব্যক্ত হয়েছে।”