২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এমএলএম প্রতারণা: ঢাকার মিরপুরে গ্রেপ্তার ১০

‘কর্ণফুলী মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড’ এর নামে প্রতারণার অভিযোগে ঢাকার মিরপুরে অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2021, 07:45 PM

Updated : 02 Aug 2022, 06:30 PM

মঙ্গলবার র‌্যাব-৪ এর এক সংবাদ সম্মেলনে জানানো হয়, আগের রাতে মিরপুরের ১১ নম্বর সেকশনের নান্নু মার্কেটে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ১০ জন হলেন- শাকিল আহম্মেদ (৩৩), চাঁন মিয়া (৩৮), এ কে আজাদ (৩৫), মো. রেজাউল (২২), তাজুল ইসলাম (৩১), শাহাবুদ্দিন খাঁন (২৮), আব্দুস ছাত্তার (৩৭), মাসুম বিল্লা (২৯), টিটু মিয়া (২৮) ও আতিকুর রহমান (২৮)।

কর্ণফুলি সোসাইটি বেশি মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে পোশাককর্মী, রিকশাচালক, ভ্যানচালক, সবজি ব্যবসায়ী, ফল ব্যবসায়ী, গৃহকর্মীসহ নিম্ন আয়ের মানুষদের গ্রাহক বানিয়ে মাসিক ভিত্তিতে অর্থ জমা নিত।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক বলেন, ওই প্রতিষ্ঠানে একশ থেকে এক হাজার টাকা কথিত ডিপিএস জমা হত।

কর্ণফুলী কোঅপারেটিভের এমডিসহ গ্রেপ্তার ১০  

“কেউ যদি একটি ডিপিএসে মাসে এক হাজার টাকা করে জমা দেয়, পাঁচ বছর পর তাকে ৯০ হাজার টাকা দেওয়ার প্রলোভন দেখানো হত। আবার কোম্পানির কোনো সদস্য যদি নতুন কোন সদস্যকে এক লাখ টাকার এফডিআর করাতে পারে, তাহলে টার্গেট সংগ্রহকারীকে মাসে এক হাজার টাকা এবং এফডিআরকারী সদস্যকে মাসে দুই হাজার টাকা প্রদানের প্রলোভন দিত, যা বাংলাদেশে কোনো আর্থিক প্রতিষ্ঠান দিতে পারে না।”

এভাবেই তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে দাবি করেন র‌্যাব কর্মকর্তা মোজাম্মেল।

এই প্রতিষ্ঠানের সভাপতি জসিম উদ্দিন, অভিযানে তাকে ধরতে পারেনি র‌্যাব।

মোজাম্মেল বলেন, “অভিযানের সময় সভাপতি জসিমসহ সোসাইটির কার্যকরী কমিটির অন্য সদস্যরা পালিয়ে যায়।”