২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনসারুল্লাহর সদস্য সন্দেহে গ্রেপ্তার ১

নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য সন্দেহে মানিকগঞ্জে এক যুবককে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট-এটিইউ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Oct 2021, 08:21 PM

Updated : 02 Aug 2022, 06:28 PM

গ্রেপ্তার মো. শামীম (২৭) মানিকগঞ্জের দেবেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজের মাস্টার্সের ছাত্র। তিনি মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার মো. শাহজাহানের ছেলে।

এটিইউয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার মানিকগঞ্জ থেকে গ্রেপ্তারের সময় শামীমের কাছ থেকে মোবাইল ফোন এবং উগ্র মতবাদের বই জব্দ করা হয়।

“শামীম অনলাইনে উগ্রবাদী প্রচারসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে খিলাফত প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী, ধর্মীয় উসকানিমূলক এবং উগ্রবাদী বিভিন্ন পোস্ট দিয়ে আসছিল।”

এন্টি টেররিজম ইউনিট বলছে, কোনো আনসারুল্লাহ সদস্য গ্রেপ্তার হলে তার মুক্তির জন্য মামলা চালানোর খরচ হিসেবে অর্থ সংগ্রহ করতেন শামীম।