২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রিং আইডির সাইফুলের জামিন আবেদন নাকচ

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রিং আইডির পরিচালক সাইফুল ইসলামের জামিনের আবেদন নাকচ করেছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2021, 05:10 PM

Updated : 02 Aug 2022, 06:27 PM

সোমবার ঢাকার মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে সাইফুল ইসলামের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন।

রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করেন ভাটারা থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক রনপ কুমার ভক্ত।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নাকচের আদেশ দেন।

কয়েকশ কোটি টাকা আত্মসাৎ: রিং আইডির পরিচালক সাইফুল রিমান্ডে  

গত ১ অক্টোবর রাজধানীর গুলশান থেকে সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে গত ৫ অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়।

ওইদিন সাইফুল ইসলামের পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। আদালত জামিন শুনানির দিন সোমবার ধার্য করেন।

রিং আইডিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন- এমন অভিযোগে গত ৩০ সেপ্টেম্বর ডিজিটাল নিরাপত্তা আইনে রিং আইডির বিরুদ্ধে মামলা করেন এক ব্যক্তি।

মামলার নথি অনুযায়ী, রিং আইডির অবৈধ কার্যক্রম সম্পর্কে বিপুল পরিমাণ তথ্য সংগ্রহ করা হয়। কমিউনিটি জবস খাতে অ্যাডভার্টাইজমেন্ট দেখে উপার্জনের কথা বলেই এ প্রতিষ্ঠান জনগণের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। কমিউনিটি জবস খাত থেকে গত মে মাসে ২৩ কোটি ৯৪ লাখ, জুন মাসে ১০৯ কোটি ১৩ লাখ, জুলাই মাসে ৭৯ কোটি ৩৮ লাখ টাকা অবৈধভাবে সংগ্রহ করেছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন ই-কমার্স সাইটের মতো তারাও অস্বাভাবিক ডিসকাউন্টে বিভিন্ন প্রোডাক্ট বিক্রি এবং ক্রেতাদের কাছ থেকে ই-ওয়ালেটের মাধ্যমে লেনদেন পরিচালনা করে আসছিল।