প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরির লোভ দেখিয়েও টাকা নিত তারা
প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক চক্রের ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি।
রাজধানীর বিভিন্ন এলাকায় রোববার অভিযান চালিয়ে সিআইডির ঢাকা মেট্রো পশ্চিমের একটি দল তাদের গ্রেপ্তার করে।
এরা হলেন- মো. আব্দুস সাত্তার (৫২), মো. আলী হোসেন (৪০), মো. শাহাদাত হোসেন (৫৫), মো. মোস্তফা (৬২), এবং মো. জামাল হোসেন (৫০)।
তাদের কাছ থেকে ভুয়া নিয়োগপত্র, মোবাইল ফোন, কয়েকজন শিক্ষকের চাকরি এমপিওভুক্তির আবেদনসহ চাকরিপ্রত্যাশীদের জীবনবৃত্তান্ত, ছবিসহ অন্যান্য কাগজপত্র জব্দ করার কথা জানিয়েছে সিআইডি।
সোমবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত উপ মহাপরিদর্শক ইমাম হোসেন বলেন, "এই প্রতারকচক্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে ও বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদে চাকরি পাইয়ে দেবে বলে বেশ কয়েকজনের কাছ থেকে প্রতারনার মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেয়।
“তাদের মধ্যে কয়েকজনকে সৈনিক পদের এবং কয়েকজনকে ঢাকা সেনা সদর দপ্তরের অফিস সহকারী পদের ভুয়া নিয়োগপত্রও দেয় তারা। পরে নিয়োগপত্র নিয়ে প্রার্থীরা কর্মস্থলে যোগ দিতে গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়োগপত্রগুলো ভুয়া বলে জানায়।"
ইমাম হোসেন বলেন, এভাবে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার পর ওই চক্রের সদস্যরা মোবাইল বন্ধ করে আত্মগোপনে চলে যায়। ভুক্তভোগীরা বিষয়টি সিআইডিকে জানালে ঢাকা মেট্রো পশ্চিম ইউনিট এই চক্রের হোতাসহ পাঁচজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
“গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বিভিন্ন সরকারি দপ্তরের আদেশের কপি জাল করত। জনপ্রতি আট থেকে ১০ লাখ টাকা করে নিয়ে ১১ জনের কাছ থেকে প্রায় এক কোটি টাকা তারা হাতিয়ে নিয়েছে। আরো কয়েকজন ভুক্তভুগী আমাদের সাথে যোগযোগ করেছে।"
আসামিদের মধ্যে কয়েকজন সেনানিবাসে কনস্ট্রাকশনের কাজ করেছেন জানিয়ে সিআইডি কর্মকর্তা ইমাম হোসেন বলেন, “তারা চাকরি দেওয়ার নামে প্রতারণার পাশাপাশি, বিট কয়েন বেচাকেনার নামে প্রতারণাসহ বিভিন্ন অপরাধে জড়িত ছিল বলে তথ্য পাওয়া গেছে।”
সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তারদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করা হয়েছে। তাদের অন্য সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
