২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবরার হত্যার ন্যায়বিচার না হওয়া পর্যন্ত ‘জেগে’ আছি: নুর

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচার দ্রুত শেষ করে খুনিদের শাস্তির দাবি জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2021, 10:02 PM

Updated : 02 Aug 2022, 06:26 PM

আবরারের হত্যার দ্বিতীয় বার্ষিকীতে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে এ দাবি জানান তিনি।

নুর বলেন, “আবরার হত্যার ন্যায়বিচার না হওয়া পর্যন্ত আমরা জেগে আছি। এই বিচার নিয়ে যেন কোনো ধরনের নয়-ছয় না হয়।”

সমাবেশস্থলে দৃক গ্যালারির সহযোগিতায় একটি আলোকচিত্র প্রদর্শনী হয়। আবরার হত্যাকাণ্ডের পর বুয়েট ক্যাম্পাসে অস্থায়ীভাবে নির্মিত ‘নিপীড়নবিরোধী আট স্তম্ভ’র স্মারকও প্রদর্শিত হয়।

বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের একদল নেতাকর্মীর পিটুনিতে নিহত হন।

আবরারের বাবা বরকতউল্লাহ যে মামলাটি করেছেন, তার রায় আগামী মাসেই হতে পারে বলে আশা করছে রাষ্ট্রপক্ষ। মামলার আসামি ২৫ জনের সবাই বুয়েটছাত্র।

আবরার হত্যার রায় নভেম্বরেই, আশা রাষ্ট্রপক্ষের  

বৃহস্পতিবারের সমাবেশে আবরারের বাবা বরকতউল্লাহ কুষ্টিয়া থেকে ফোনে যুক্ত হন। তাকে উদ্ধৃত করে নুর বলেন, “আবরারের বাবা তার সন্তান হত্যার ন্যায়বিচার চেয়েছেন। তিনি বলেছেন, তার সন্তানের মতো আর কোনো সন্তান যেন শিক্ষাপ্রতিষ্ঠানে জীবন দিতে না হয়। দ্রুত সময়ের মধ্যে আবরার হত্যার বিচার নিশ্চিত করতে হবে। দায়ীদের উপযুক্ত শাস্তি দিতে হবে।”

অবিলম্বে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানিয়ে ডাকসুর সাবেক ভিপি নুর বলেন, “প্রধানমন্ত্রীকে আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি, সমস্ত বিশ্ববিদ্যালয়-কলেজগুলোতে নির্বাচন দিয়ে দেখেন ছাত্রলীগ কিংবা আপনাদের প্রতি জনগণের আস্থা ও জনপ্রিয়তা কত?”

ডাকসুর নতুন নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলব, এই বিশ্ববিদ্যালয়টাকে একটা আবর্জনার ভাগাড়ে পরিণত করবেন না। করোনার মধ্যে শিক্ষক সমিতি, কর্মমচারী সমিতি সব ধরনের নির্বাচন হয়েছে, ডাকসুর মেয়াদ শেষ হলেও আপনার নির্বাচনের উদ্যোগ নিচ্ছেন না। এতদিন মহামারীর অজুহাত দেখিয়েছেন, এখন সেটা শেষ, বিশ্ববিদ্যালয় খুলেছে। ছাত্রদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলবেন না।”

সমাবেশে নুর প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে ‘গণরুম’ বন্ধ করে হলে নিয়মিত ছাত্রদের সিটের ব্যবস্থার দাবি জানান।

তিনি বলেন, “কোনো অছাত্র, দুর্বৃত্ত, মাদকাসক্ত ও সন্ত্রাসী যাতে হলে রাজত্ব করতে না পারে। ছাত্ররাজনীতি করবে নিয়মিত ছাত্ররা।”

সমাবেশে আলোকচিত্রী শহিদুল আলম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক আবদুল লতিফ মাসুম, ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, ঢাকা বিশ্ববিদালয় শাখার সাধারণ সম্পাদক আকরাম হোসেন, সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক জাহিদ সুজন বক্তব্য দেন।