২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাদকাসক্তি থেকে মুক্তির চিকিৎসা নিয়ে ‘ওয়েসিস’

আন্তর্জাতিক মানের চিকিৎসা দিয়ে মাদকাসক্ত ব্যক্তিদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে রাজধানীতে একটি মাদকাসক্তি নিরাময় ও মানসিক স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র চালু করেছে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্ট।

জ্যেষ্ঠ প্রতিবেদক

কামাল হোসেন তালুকদার,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2021, 08:19 PM

Updated : 10 Oct 2022, 06:18 PM

বৃহস্পতিবার সকালে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে বসুন্ধরা রিভারভিউ আবাসিক এলাকায় ‘ওয়েসিস’ নামে এই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

ভবনটির নিচতলায় ঢুকতেই রয়েছে অভ্যর্থনা কেন্দ্র। সেখানে কর্তব্যরত ব্যক্তিরা জানালেন, রোগী এবং তাদের স্বজনদের সেবা দিতে দিন-রাত ২৪ ঘণ্টা তারা দায়িত্ব পালন করেন।

নিচতলায় হাতের বাঁ পাশে বহির্বিভাগে একজন চিকিৎসক দায়িত্ব পালন করছিলেন। তিনি জানালেন, এখানে কোনো রোগী এলে প্রথমে তার শারীরিক পরীক্ষা করা হয়।

“রোগীর প্রাথমিক হিস্ট্রি নিয়ে নির্ধারণ করা হয় আসলে তার কোন চিকিৎসা প্রয়োজন। যদি ভর্তি করার দরকার হয়, তবে সেই পরামর্শও এখান থেকেই দেওয়া হয়।”

সাততলা ভবনটিতে ওঠানামার জন্য ২৪ ঘণ্টা বৈদ্যুতিক সুবিধাসহ লিফটের ব্যবস্থা রয়েছে। কেন্দ্রটির দোতলার একপাশে করা হয়েছে প্রশাসনিক ব্লক, যার পাশাপাশি বিশেষজ্ঞদের কক্ষও রাখা হয়েছে।

সেখানকার দায়িত্বরত কর্মকর্তা ঘুরে ঘুরে দেখানোর সময় জানালেন, অভিজ্ঞ চিকিৎসক, মনোরোগ বিশেষজ্ঞ, সাইকোথেরাপিস্ট, ইয়োগা এক্সপার্ট ও অভিজ্ঞ অ্যাডিকশন কনসালট্যান্টদের বসার ব্যবস্থা এই তলায় করা হয়েছে।

রোগীকে এই তলা থেকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি পরামর্শ বা কাউন্সেলিং সেবাও দেওয়া হবে। এছাড়া রোগী আনা নেওয়ার জন্য ওয়েসিসের একটি প্রশিক্ষিত দল এবং নিজস্ব অ্যাম্বুলেন্স রয়েছে।

ওয়েসিসের ওই কর্মকর্তা জানালেন, যদি কোনো রোগীকে বাসা থেকে নিয়ে আসার প্রয়োজন হয়, তাহলে সেই সহযোগিতাও তারা দিয়ে থাকেন।

তৃতীয় তলায় নার্স স্টেশনে দায়িত্বে থাকা একজন নার্স জানালেন, এই কেন্দ্রে পাঁচ ধরনের কক্ষ রয়েছে। এগুলো হলো- প্লাটিনাম ক্যাটাগরির একক ডিলাক্স এসি রুম, সুপিরিয়র ক্যাটাগরির ডাবল শেয়ারিং ডিলাক্স এসি রুম, ডিলাক্স ক্যাটাগরির ট্রিপল শেয়ারিং এসি রুম, স্ট্যান্ডার্ড নন-এসি কেবিন এবং স্ট্যান্ডার্ড নন-এসি রুম।

সংশ্লিষ্টরা জানান, রোগীরা তাদের ইচ্ছামতো যে কোনো কক্ষ বেছে নিতে পারেন। এখানেও ২৪ ঘণ্টার জন্য চিকিৎসক থাকেন। ভর্তি রোগীকে সার্বক্ষণিকভাবে সেবা দিতে তারা পালা করে দায়িত্ব পালন করেন।

ভয়নটির ষষ্ঠতলায় নারী রোগীদের জন্য আলাদা চিকিৎসার ব্যবস্থা করা রয়েছে। এই তলায় রোগীদের কক্ষের দেয়াল থেকে শুরু করে জানালার পর্দা সবকিছু ভিন্নভাবে সাজানো।

ওয়েসিসের একজন কর্মকর্তা জানান, নারী রোগীদের জন্য নারী চিকিৎসক এবং নার্স রয়েছেন। ওই তলায় সাধারণভাবে কোনো পুরুষের প্রবেশাধিকার থাকবে না।

পঞ্চম তলায় ইনডোর গেমসের জন্য বিলিয়ার্ড ও টেবিল টেনিস খেলার ব্যবস্থা করা হয়েছে। রোগীদের মধ্যে যারা বই পড়তে ভালোবাসেন, তাদের জন্য একটি পাঠাগারও রয়েছে এখানে।

ফুল আর নানা ধরনের গাছ দিয়ে ভবনের ছাদে একটি বাগান করা হয়েছে, যেখানে রয়েছে বসার ব্যবস্থা। ছাদের এক পাশ জন্য রয়েছে আধুনিক সব সুবিধাসংবলিত একটি ব্যায়ামাগার।

সেখানে নির্দিষ্ট একটি সময় পর্যন্ত রোগীদের নিয়মিত শরীরচর্চার বাধ্যবাধকতা রয়েছে বলে জানান একজন কর্মকর্তা। এখানে চিকিৎসার পাশাপাশি নিজ নিজ ধর্মীয় বিধানগুলো অনুসরণের ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, “এখানে কোনো রোগী ভর্তি হওয়া মাত্র তাকে একটি লাইফ ম্যানেজমেন্ট প্রটোকলের মধ্যে নিয়ে আসা হয়। অর্থাৎ রোগীর ঘুম, খাওয়া, ইনডোর গেমস, জিম থেকে শুরু করে প্রতিটি কাজ একটি নিয়মের মধ্য দিয়ে যাবে।”

চিকিৎসকরা নিয়মিত শারীরিক ও মানসিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করবেন এবং প্রশিক্ষিত নার্স এবং ওয়ার্ডবয়রা রোগীর সার্বক্ষণিক দেখভাল করবেন বলে জানান তিনি।

মাদকাসক্ত ব্যক্তিদের সমাজের মূলধারায় ফিরিয়ে নেওয়ার জন্য বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে তাদেরকে ‘জীবনঘনিষ্ঠ’ নানা ধরনের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা রয়েছে এই কেন্দ্রে।

ওই কর্মকর্তা বলেন, “আন্তর্জাতিক মানদণ্ড মেনে এখানে এমন একটি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে, যাতে একজন মাদকাসক্ত ব্যক্তি খুব কম সময়ে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন।”

প্রশাসনিক কর্মকর্তা সুশান্ত নারায়ণ দে বলেন, এ প্রতিষ্ঠানে ‘সুলভে আন্তর্জাতিক মানের সেবা’ পাওয়া যাবে এবং রোগীদের পরিচয় গোপন রেখে চিকিৎসার ব্যবস্থা রয়েছে।

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের নিজস্ব প্রতিষ্ঠান হওয়ায় এখানে নিরাপত্তা ঝুঁকি নেই মন্তব্য করে তিনি বলেন, সাত তলা এই মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র ২৪ ঘণ্টা খোলা থাকবে।

৬০ শয্যার এই কেন্দ্রে ২২টি কক্ষের মধ্যে পুরুষদের জন্য ১৬টি কক্ষে থাকছে ৪৬টি শয্যা। নারীদের ছয়টি কক্ষে আছে ১৪টি শয্যা। ডাবল কেবিনে ২৮টি, ট্রিপল কেবিনে ১৫টি এবং জেনারেল ওয়ার্ডে আছে ১১টি করে শয্যা।

এছাড়া জেনারেল ট্রিপল বেড আছে ছয়টি। জেনারেল ওয়ার্ড ছাড়া সব ওয়ার্ড বা কক্ষ শীতাতপ নিয়ন্ত্রিত।

সুশান্ত জানান, এই কেন্দ্রে ৮৫ জন কর্মী রয়েছেন। একজন পরিচালক (এসপি পদমর্যাদার), তিনজন সহকারী পরিচালক, চারজন কো-অর্ডিনেটর এবং ২৭ জন নার্সিং অফিসার বা মেট্রন।

এছাড়া প্রতিষ্ঠানের হিসাব শাখায় রয়েছেন দুইজন, নিরাপত্তা ও অভ্যর্থনা্ শাখায় ১১ জন, কন্ট্রোল রুমে ছয়জন এবং প্রশাসন শাখায় কর্মী রয়েছেন আরও ১৪ জন।

প্রতিটি তলার সিঁড়িতে আছে বিশেষ ‘লক’। কোনো রোগী ইচ্ছা করলেই এক তলা থেকে অন্য তলায় অবাধে চলাচল করতে পারবেন না।

সুশান্ত জানান, নিরাপত্তা নিশ্চিত করতে ভেতরে এবং বাইরে সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে। ভবনে ঢুকতে এবং বের হতেও ২৪ ঘণ্টা দায়িত্বে থাকা নিরাপত্তাকর্মীদের নজরদারি পেরিয়ে যেতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু, পুলিশ প্রধান বেনজীর আহমেদ পুনর্বাসন কেন্দ্রটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।