জাপানের নতুন প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার অভিনন্দন
জাপানের নতুন প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশটির নতুন নেতৃত্বে টোকিওর সঙ্গে ঢাকার সম্পর্ক আরও গাঢ় হবে বলে তিনি আশাবাদী।
প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, ফুমিও কিশিদাকে পাঠানো বার্তায় শেখ হাসিনা বাংলাদেশ সরকার ও জনগণ এবং তার নিজের পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানান।
শেখ হাসিনা বলেন, জাপানের শততম প্রধানমন্ত্রী হিসেবে কিশিদাকে নির্বাচিত করা তার বলিষ্ঠ ও গতিশীল নেতৃত্বের প্রতি জনগণের সমর্থন এবং তার দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং পার্লামেন্টের উপর জনগণের আস্থার প্রকাশ ঘটেছে।
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে উভয় দেশের মধ্যে চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক বিরাজ করার বিষয়টি তুলে ধরেন শেখ হাসিনা। ১৯৭৩ সালের অক্টোবর মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জাপান সফরের কথাও স্মরণ করেন তিনি।
শেখ হাসিনা বলেন, সময়ের পরীক্ষায় উত্তীর্ণ দুই দেশের সম্পর্ক এখন যে ‘বিস্তৃত অংশীদারিত্বের’ পর্যায়ে পৌঁছেছে, তার পরিসর আরও বাড়িয়ে একে ‘কৌশলগত অংশীদারিত্বের’ পর্যায়ে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে তার সরকারের।
তিনি বলেন, “আমরা গভীর আগ্রহ নিয়ে আগামী বছর আমাদের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উদযাপনের অপেক্ষায় রয়েছি।”
কিশিদার নেতৃত্বে দুই দেশের মধ্যে বিদ্যমান আন্তরিক সম্পর্ক আগামী দিনগুলোতে আরও জোরদারের আশা রেখে শেখ হাসিনা বলেন, বাংলাদেশের
বাংলাদেশে অনুকূল বিনিয়োগ পরিবেশ দেখে জাপানি কোম্পানিগুলো এগিয়ে আসায় সন্তোষ জানিয়ে তিনি বলেন, এতে উভয়পক্ষ লাভবান হবে।
বাংলাদেশ ও জাপান দুই দেশই শান্তিতে বিশ্বাসী উল্লেখ করে বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় উভয় দেশেই এক সঙ্গে কাজ করে যেতে পারে বলে মন্তব্য করেন শেখ হাসিনা।
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া ১১ লাখ রোহিঙ্গার সমস্যা সমাধানের বিষয়ে দুই দেশের অবস্থান এক ও অভিন্ন উল্লেখ করে তিনি রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার বিষয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সহযোগিতা চান।
কোভিড-১৯ মহামারী চলাকালে জাপান সরকার ও জনগণের সাহায্য-সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন শেখ হাসিনা।
