২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির অভিযোগ থেকে আওয়ামী লীগ নেতার নাম বাদ কেন অবৈধ নয়: হাই কোর্ট

অনিয়ম ও দুর্নীতির অভিযোগের অনুসন্ধান থেকে টাঙ্গাইলের দেলদুয়ারের আওয়ামী লীগ নেতা এম শিবলী সাদিকের নাম বাদ দেওয়া কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2021, 04:49 PM

Updated : 02 Aug 2022, 06:25 PM

এ বিষয়ে এক রিট আবেদনের শুনানি শেষে সোমবার বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার কাজলের বেঞ্চ এই আদেশ দেয়।

আগামী তিন সপ্তাহের মধ্যে দুর্নীতি দমন কমিশন-দুদকের চেয়ারম্যান, দুই কমিশনার, শিবলী সাদিকসহ কমিশনের অনুসন্ধান সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ছয় জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান রিট আবেদনকারীর আইনজীবী।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, অপর দিকে দুদকের পক্ষে ছিলেন ব্যারিস্টার সাজ্জাদ হোসেন।

দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিকের বিরুদ্ধে টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময় খাদ্য (কাবিখা) কর্মসূচির ২৭ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগে নিয়ে ২০১৭ সালে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। এরপর বিষয়টি নিয়ে অনুসন্ধানে নামে দুদক।

অনুসন্ধান শেষে ২০১৮ সালের ২৫ জানুয়ারি দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি বলে অভিযোগ থেকে শিবলী সাদিকের নাম বাদ দেয় দুদক।

দুদক অভিযোগটি নথিভুক্ত করে জানায়, “শিবলী সাদিকের বিরুদ্ধে উল্লেখিত অভিযোগ অনুসন্ধানে প্রমাণ না হওয়ায় তার নাম বাদ দেওয়া হয়েছে।”

দুদকের অনুসন্ধান থেকে আওয়ামী লীগ নেতা শিবলী সাদিকের নাম বাদ দেওয়ার বিষয়টি চ্যালেঞ্জ করে রোববার হাই কোর্টে রিট আবেদনটি করেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট এম আশরাফুল ইসলাম।

শিবলী সাদিকের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ জানিয়ে তা অনুসন্ধানে অন্তর্ভুক্ত করতে ৩০ জুন দুদক চেয়ারম্যানের বরাবরও তিনি আবেদন জানান।

আইনজীবী আশরাফুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরকারের বরাদ্দকৃত টিআর ও কাবিখার ২৭ লাখ টাকা দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম শিবলী সাদিকের ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা হয়েছিল। সরকারি তহবিলের টাকা কীভাবে ব্যক্তিগত হিসাবে হয়- সে বিষয়ে তদন্ত না করেই দুদক তাকে অভিযোগ থেকে বাদ দেয়, যা আইনগতভাবে সঠিক নয়।

“এ কারণে বিষয়টি চ্যালেঞ্জ করে আমি উচ্চ আদালতের দ্বারস্থ হই। আদালত আমার আবেদনের শুনানি নিয়ে রুল জারি করে।”