২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তৃতীয় লিঙ্গের ‘পরিচয় দেওয়া’ এক ব্যক্তির লাশ উদ্ধার

রাজধানীর মিরপুরের শাহআলী থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে পারভেজ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে, যিনি নিজেকে তৃতীয় লিঙ্গের পরিচয় দিয়ে বেড়াতেন বলে জানিয়েছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2021, 07:42 PM

Updated : 02 Aug 2022, 06:24 PM

শুক্রবার দুপুরে ‘সি’ব্লকের তিন তলার একটি ফ্ল্যাট থেকে এ ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। তার গলায় আঘাতের চিহ্ন ছিল বলে জানান শাহআলী থানার এসআই জাবেদ ইল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “৩০ বছর বয়সী পারভেজ একজন পুরুষ হলেও এলাকায় ‘সীমা’ নামে তৃতীয় লিঙ্গের পরিচয়ে চলত।

“স্থানীয় হিজড়াদের কাছ থেকে খবর পেয়ে ওই ফ্ল্যাটে তাকে বিছানায় শোয়া এবং গলায় আঘাতের চিহ্নসহ মৃত অবস্থায় পাই।”

তাকে কারা এবং কী কারণে হত্যা করেছে তা জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।

এদিকে একই থানার পুলিশ শাহআলী রয়েল সিটি এলাকার একটি টিনশেড ঘর থেকে খাদিজা আকতার বৃষ্টি (২৮) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে।

এ থানার এসআই রইস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দোতলায় ৮/১০টি টিনশেড ঘরের মধ্যে একটি ঘরে বৃষ্টি ভাড়া থাকতেন। সাত থেকে আট বছর আগে স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়ে গেছে।

প্রতিবেশিদের বরাত দিয়ে তিনি বলেন, “গত ২৬ সেপ্টেম্বর রাতে বোনের বাড়ি থেকে নিজের ঘরে ফেরেন। আজ সকালে ঘর থেকে দুর্গন্ধ বের হলে আশেপাশের লোকজন থানায় খবর দেয়।

“পুলিশ এসে ঘরে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে।”

বৃষ্টি ‘মাদকাসক্ত’ ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে বলে উল্লেখ করেন ওই পুলিশ কর্মকর্তা।

উভয় লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।