কবরস্থান থেকে কঙ্কাল চুরির সময় যুবক গ্রেপ্তার
ঢাকার পল্লবীর কালশী কবরস্থান থেকে কঙ্কাল চুরির সময় এক ব্যক্তিকে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা।
হান্নান মিয়া
হান্নান মিয়া (২৩) নামে ওই যুবককে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তাকে পাঠানো হয় কারাগারে।
পল্লবী থানার এসআই আব্দুল আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় যুবক হান্নান কালশী কবরস্থান খেকে তিনটি মাথার খুলি, আটটি পায়ের হাড়, ১৩টি হাতের হাড় এবং কোমরের ৬টি হাড় একটি ব্যাগে নিয়ে বের হচ্ছিলেন। তখন স্থানীয় লোকজন তাকে ধরে ফেলে।
“পরে আমরা খবর পেয়ে তাকে হেফাজতে নিই। সে চুরির কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।”
এসআই আজাদ বলেন, “এর আগেও সে বেশ কিছু হাড় চুরি করেছিল বলে স্বীকার করেছে।”
একটি মানুষের পূর্ণাঙ্গ কঙ্কাল ৩ হাজার টাকায় বিক্রি হয় বলে হান্নান পুলিশকে জানিয়েছেন।
এক ব্যক্তির প্ররোচনায় এই হাড়গুলো চুরি করেছিলেন বলে হান্নান পুলিশকে জানিয়েছেন। ওই ব্যক্তি হাড়গুলো ‘কবিরাজি কাজে’ ব্যবহার করবে বলে হান্নানকে জানিয়েছেন।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই সামিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কার কার সাথে হান্নানের যোগাযোগ রয়েছে এবং এর আগে সে কী পরিমাণ হাড় চুরি করেছিল, সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।”
