২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিতর্কিত বক্তা ইব্রাহিম দুই দিনের রিমান্ডে

কোভিড টিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানো, সরকার ও প্রতিবেশী রাষ্ট্রের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কথিত ধর্মীয় বক্তা মুফতি কাজী মো. ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2021, 04:29 PM

Updated : 02 Aug 2022, 06:24 PM

ঢাকার মহানগর হাকিম  আবু সুফিয়ান মো. নোমান বুধবার পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে এ আদেশ দেন।

করোনাভাইরাসের টিকাসহ বিভিন্ন বিষয়ে বিতর্কিত মন্তব্যের জন্য গত কিছুদিন ধরেই আলোচনায় ছিলেন কাজী মো. ইব্রাহিম।

টিকা নেওয়ায় ‘নারীর দাড়ি গজাচ্ছে’, ‘পুরুষ কণ্ঠ পাল্টে যাচ্ছে’ এ ধরনের বক্তব্যসহ ইব্রাহিমের বিভিন্ন উক্তি সোশাল মিডিয়ায় আলোচনার জন্ম দিয়েছে। এক বক্তৃতায় তিনি করোনাভাইরাসের টিকা আবিষ্কারের ‘গাণিতিক সূত্রও’ দিয়েছিলেন।

মঙ্গলবার ভোর রাতে মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের বাসা থেকে ইব্রাহিমকে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করার কথা জানানো হয়।

পরে জেড এম রানা নামের এক ব্যক্তি মঙ্গলবার রাতে ইব্রাহিমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা দায়ের করেন মোহাম্মদপুর থানায়। একটি স্কুলের টাকা আত্মসাৎ, চাঁদা দাবি এবং প্রতারণার অভিযোগ আনা হয় সেখানে।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে ‘উগ্র বক্তব্য’ দেওয়ার অভিযোগ ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে আরেকটি মামলা করে গোয়েন্দা পুলিশ।

বুধবার দুপুরে তাকে আদালতে হাজির করে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন ডিবির সাইবার ইউনিটের উপপরিদর্শক মো. হাসানুজ্জামান।

অন্যদিকে আসামিপক্ষে আব্দুর রাজ্জাকসহ কয়েকজন আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে শুনানি করেন।

বিতর্কিত বক্তা ইব্রাহিমের বিরুদ্ধে দুই মামলা  

বিতর্কিত বক্তা মুফতি ইব্রাহিম গ্রেপ্তার  

বিতর্কিত বক্তা মুফতি ইব্রাহিম ডিবি হেফাজতে  

শুনানিতে যা হল

রাষ্ট্রপক্ষে এ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরন বলেন, “মুফতি ইব্রাহিম একজন ইসলামী বক্তা। আমি নিজেও মাঝে মাঝে উনার বক্তব্য শুনি। যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলিম বাংলাদেশে বসবাস করে, তাই আলেমদের এখানে সম্মান করা হয়। সেই সুযোগ নিয়ে মুফতি ইব্রাহিম বিভ্রান্তিকর বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তার বক্তব্য সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরূপ। এর পেছনে কারা জড়িত তা বের করতে তদন্ত কর্মকর্তার প্রার্থিত ১০ দিনের রিমান্ড মঞ্জুরের আর্জি জানাচ্ছি। 

এরপর আসামিপক্ষের আইনজীবী আব্দুর রাজ্জাক শুনানিতে বলেন, “মুফতি ইব্রাহিম একজন হাদিস বিশারদ। তিনি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তিনি কুরআন ও হাদিসের আলোকে বক্তব্য দেন। হয়রানিমূলকভাবে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়েছে। তাকে ডিবি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাই রিমান্ডের কোনো যৌক্তিকতা নেই।” 

‘বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট কোরআনের সূরা ইউসুফের সঙ্গে মিলে যায়’- ইব্রাহিমের এমন মন্তব্যের ব্যাখ্যা শুনানিতে জানতে চান বিচারক।

জবাবে ইব্রাহিম আদালতকে বলেন, “তৎকালীন মিশরে হযরত ইউসুফকে (আ.) শাসক নিজেই দায়িত্ব দেন। আমার থিম ও স্বপ্ন হল- বাংলাদেশের শাসকও একসময় এমন কোনো আলেমকে দায়িত্ব দেবেন। শাসক ও আলেম মিলে দেশকে সমৃদ্ধির পথে নিয়ে যাবে। 

“বাংলা মাকে একবার মুক্ত করার জন্য ত্রিশ লক্ষ মানুষ জীবন দিয়েছে। সেই বাংলা মাকে আবার নতুন শত্রু গ্রাস করেছে। সেখান থেকে মুক্ত করতে হবে। আমি বলেছি, এই দেশের শাসক বাম দিকে চলে গেছে। তারা যেন সঠিক পথে থাকে, সেজন্য আমি এই বক্তব্য দিয়েছি৷ সরকার বা শাসক গোষ্ঠীর বিরুদ্ধে উসকানিমূলক কোনো বক্তব্য দিইনি।”

জাতীয় সংগীত থেকে ‘মা তোর বদনখানি মলিন হলে আমি নয়ন জলে ভাসি’ – এ লাইনটিও এ সময় শোনান এই বক্তা।

বক্তব্যের এক পর্যায়ে ইব্রাহিম সাবেক সামরিক শাসক জিয়াউর রহমানের কথা আনতেই আইনজীবী তাকে থামিয়ে দেন।

শুনানি শেষে বিচারক ইব্রাহিমকে দুই দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। জিজ্ঞাসাবাদে উচ্চ আদালতের নির্দেশনা মেনে চলার নির্দেশ দেন। একজন ‘আলেম’ হিসেবে তাকে সম্মানের সঙ্গে আদালতে আনা নেওয়া করতে বলেন।

ইব্রাহিমের স্ত্রী শরিফা, ছোট ছেলে সাজিদুর রহমানসহ পরিবারের কয়েকজন সদস্য এ সময় আদালতে উপস্থিত ছিলেন।