২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিজান-বাছিরের ঘুষের মামলা: সাক্ষ্য দিলেন ২ জন

ঘুষ কেলেঙ্কারির মামলায় বরখাস্ত পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান ও দুদক পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে আরও দুই জন সাক্ষ্য দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2021, 06:23 PM

Updated : 02 Aug 2022, 06:23 PM

রোববার ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম তাদের সাক্ষ্য নেন।

সাক্ষীরা হলেন ডিআইজি মিজানের অর্ডারলি কনস্টেবল সাদ্দাম হোসেন ও ডিআইজি মিজানের স্ত্রীর মালিকানাধীন দোকান কর্মচারী রফিকুল ইসলাম।

তাদের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আগামী ১২ অক্টোবর সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন।

সাক্ষীদেরকে জেরা করেন আসামি পক্ষের আইনজীবী এহসানুল হক সমাজী।

এদিন কারাগারে থাকা মিজানুর রহমান ও এনামুল বাছিরকে আদালতে হাজির করা হয়।

৪০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির অভিযোগে ২০১৯ সালের ১৬ জুলাই দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের পরিচালক শেখ মো. ফানাফিল্লাহ বাদী হয়ে মামলা এ দুই জনের বিরুদ্ধে মামলা করেছিলেন।

রোববার এ দুই সাক্ষী আদালতে বরখাস্ত ডিআইডি মিজান ও দুদকের বরখাস্ত পরিচালক বাছিরের মধ্যে কয়েকদফা দেখা হওয়া ও টাকার ব্যাগ আদান প্রদানের ঘটনা তুলে ধরেন।

সাক্ষ্যগ্রহণ শেষে আইনজীবী এহসানুল হক সমাজী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব কথা জানান।

কনস্টেবল সাদ্দাম তার সাক্ষ্যে বলেন, “টাকার ব্যাগ আদান প্রদানের সময় ডিআইজি মিজানকে দুদক পরিচালক বাছির বলেছিলেন, ‘আপনার মামলায় কিছু নেই। আপনার কিছু হবে না’।“

অপর সাক্ষী রফিকুল ইসলাম উভয় আসামির দেখা হওয়ার ঘটনা তুলে ধরে জবানবন্দিতে বলেন, টাকা দেওয়ার পরও কেন তার নামে মামলা হল তা নিয়ে দুশ্চিন্তায় থাকার কথা দুদক পরিচালক বাছিরকে জ্ঞিসাসা করেছিলেন ডিআইজি মিজান।

এনিয়ে মামলাটিতে ১৭ জন সাক্ষীর মধ্যে ১৫ জনের সাক্ষ্য শেষ হয়েছে।

২০২০ সালের ১৯ জানুয়ারি এই দুই বরখাস্ত কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ আদান প্রদানের বিষয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেন দুদক কর্মকর্তা শেখ মো. ফানাফিল্লাহ।

এরপর ৯ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করেন ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ কেএম ইমরুল কায়েশ। পরে বিচারক অভিযোগ গঠনের তারিখ ধার্য করে মামলা এ আদালতে স্থানান্তরের আদেশ দেন।

গত ১৮ মার্চ আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত।

আরও পড়ুন

ঘুষের মামলায় সাক্ষ্য দিলেন ডিআইজি মিজানের গাড়িচালক  

বাজারের ব্যাগে বাছিরকে ২৫ লাখ টাকা দেন মিজান: ফানাফিল্যা  

ঘুষের মামলায় মিজান-বাছিরের বিচার শুরু