৯ দিন বিরতির পর সংসদ বসছে মঙ্গলবার
টানা নয় দিন বিরতির পর সংসদের মুলতবি বৈঠক বসছে মঙ্গলবার।
এ দিন বেলা ১১টায় সংসদের বৈঠক শুরু হওয়ার কথা হয়েছে। অবশ্য বৈঠকে শোকপ্রস্তাব গ্রহণের পর মঙ্গলবারের বৈঠক মুলতবি করা হবে।
গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া এ অধিবেশনে দুইজন সংসদ সদস্য মারা যাওয়ার কারণে দুই দফা মুলতবি করা হয়।
সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফের মৃত্যুতে প্রথমদিনের বৈঠক এবং হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে পরদিন ২ সেপ্টেম্বরের বৈঠক মুলতবি করা হয়।
চলতি অধিবেশন মাত্র চার কার্যদিবস চালিয়ে ৪ সেপ্টেম্বর শেষ করার পরিকল্পনা থাকলেও সংসদে শোকপ্রস্তাব গ্রহণের কারণে সেটা বাড়াতে হয়।
এর মধ্যে তিনটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে স্পিকার ৫ সেপ্টেম্বরে অস্ট্রিয়ায় যাওয়ায় অধিবেশনে বিরতি দেওয়া হয়।
মঙ্গলবার মুলতবি বৈঠক শুরু হলেও জাতীয় পার্টির (জাপা) সংরক্ষিত আসনের এমপি অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী মারা যাওয়ায় সংসদের রীতি অনুযায়ী এদিন অন্যান্য কার্যক্রম স্থগিত করা হবে। এর আগে তার নামে শোক প্রস্তাব ও তার জীবনীর উপর আলোচনা করা হবে।
রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে মারা যান মাসুদা এম রশিদ চৌধুরী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষক অধ্যাপক মাসুদা একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে আইনপ্রণেতা হিসেবে সংসদে বসেন। তিনি জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।
মঙ্গলবার অধিবেশন বসার পর প্রশ্নোত্তর পর্ব টেবিলে উত্থাপিত হবে। পনি সম্পদ মন্ত্রণালয়, আইন ও বিচার বিভাগ, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ সরকারি কর্মকমিশন সচিবালয়ের বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর থাকবে।
