০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

সংসদের চতুর্থ অধিবেশন বসছে সোমবার, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

প্রথম বৈঠকে উঠছে তিন অধ্যাদেশ। সংসদ চত্বর ধূমপানমুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর।

সংসদের চতুর্থ অধিবেশন বসছে সোমবার, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে রোববার কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠক হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 08 Nov 2026, 07:34 PM

Updated : 08 Nov 2026, 07:34 PM

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে সোমবার; যা চলবে আগামী ১৮ নভেম্বর পর্যন্ত। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকাল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক বসবে।

জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে রোববার কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান অংশ নেন।

সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেওয়া হয়েছে।

সংসদের চতুর্থ অধিবেশনে উত্থাপনের জন্য একটি সরকারি বিল পাওয়া গেছে। এ ছাড়া আগের অধিবেশনের পর জারি করা ৩টি অধ্যাদেশ অধিবেশনের প্রথম বৈঠকে উপস্থাপন করা হবে। এগুলো হল- পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ।

সংসদ সচিবালয় জানিয়েছে, এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৭৪টি এবং অন্যান্য মন্ত্রীর জন্য ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি। এ ছাড়া সংসদের কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীদের দৃষ্টি আকর্ষণের জন্য ৯২টি নোটিশ পাওয়া গেছে।

একই বিধির ১৩১ ধারায় সিদ্ধান্ত-প্রস্তাবের নোটিস জমা পড়েছে ২৮১টি। এসব প্রস্তাবের মাধ্যমে সংসদ সদস্যরা বিভিন্ন বিষয়ে সংসদের সিদ্ধান্ত চাইতে পারেন।

সংসদ চত্বর ধূমপানমুক্ত করার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ চত্বরকে ‘ধূমপান মুক্ত এলাকা’ ঘোষণার প্রস্তাব দেন।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর এ প্রস্তাব উপস্থিত সবাই স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেন।

বৈঠকে সংসদের সাউন্ড সিস্টেম বা শব্দব্যবস্থার উন্নয়ন কাজের অগ্রগতিও জানতে চান প্রধানমন্ত্রী। জবাবে সংসদ সচিব গোলাম সরওয়ার ভুঁইয়া বলেন, সোমবার বিকাল সাড়ে ৩টায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।

সংসদ ভবনে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয়। প্রধানমন্ত্রী এ বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট উপকমিটির আহ্বায়ক ও ডেপুটি স্পিকার কায়সার কামাল সংসদ ভবনে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন করা হলে ৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে তথ্য দেন।

তিনি বলেন, “সংসদের অধিবেশন চলাকালে প্রায় ৬ মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়। অন্য সময়ে বিদ্যুতের চাহিদা আরও কম থাকে। পরিকল্পনা অনুযায়ী, সৌরবিদ্যুৎ দিয়ে সংসদ ভবনের চাহিদা মেটানোর পর অবশিষ্ট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে।”

প্রধানমন্ত্রী এ সময় বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থা রেখে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশনা দেন।

বৈঠকে ই-পার্লামেন্ট কার্যক্রম এবং সংসদ সচিবালয়ের শূন্য পদে জনবল নিয়োগের সর্বশেষ অগ্রগতি তুলে ধরেন ডেপুটি স্পিকার।

কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আরও অংশ নেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নূরুল ইসলাম মনি, আইনমন্ত্রী আসাদুজ্জামান, সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, এ টি এম আজহারুল ইসলাম এবং বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।