রোহিঙ্গা প্রত্যাবাসনে রাশিয়ার সহযোগিতা চাইলেন মোমেন
রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসনে রাশিয়া সরকারকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেক্সান্ডার ভিকেনতেভিচ মান্তিতস্কি সৌজন্য সাক্ষাতে গেলে এ আহ্বান জানান তিনি।
মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের মুখে ২০১৭ সালের ২৫ অগাস্ট থেকে অল্প কয়েকদিনে প্রাণভয়ে বাংলাদেশে এসে আশ্রয় নেয় প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা।
এতে আগে থেকে কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাসহ মোট শরণার্থীর সংখ্যা দাঁড়ায় ১১ লাখের বেশি, জেলার কুতুপালং পরিণত হয় বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী শিবিরে।
আন্তর্জাতিক চাপের মুখে ওই বছরের সেপ্টেম্বরে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তিতে সই করে মিয়ানমারের অং সান সু চি সরকার।
পালিয়ে আসা রোহিঙ্গাদের পরিচয় নিশ্চিত হওয়াসহ বিভিন্ন বিষয়ে আলোচনা চলার এক পর্যায়ে ২০১৯ সালে দুই দফায় প্রত্যাবাসনের উদ্যোগ নেওয়া হলেও তা শেষ পর্যন্ত ভেস্তে যায়।
প্রত্যাবাসন আটকে থাকার মধ্যে গত ফেব্রুয়ারিতে সু চির দ্বিতীয় দফার নতুন সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করেন সামরিক জান্তা জেনারেল মিন অং হ্লাইং। এখন পর্যন্ত অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে হিমশিম খেতে হচ্ছে তাকে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাষ্ট্রদূতের সাক্ষাতের বিভিন্ন দিক তুলে ধরে বলা হয়, রাশিয়ার নবাগত রাষ্ট্রদূতকে বাংলাদেশে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী মোমেন।
রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বিশেষ সম্পর্কের প্রসঙ্গ উল্লেখ করে মোমেন বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এবং যুদ্ধপরবর্তী দেশ গঠনে রাশিয়ার অবদান বাংলাদেশ কৃতজ্ঞচিত্তে স্মরণ করে।
স্বাধীনতার পরপরই তৎকালীন সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্টের আমন্ত্রণে ১৯৭২ সালের মার্চ মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাশিয়া সফরের কথা উল্লেখ করে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহায্যের জন্য রাশিয়ার সরকার এবং জনগণকে কৃতজ্ঞতা জানান পররাষ্ট্রমন্ত্রী।
এসময় বাংলাদেশ-রাশিয়ার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনে রাশিয়ার আগ্রহের কথা রাশিয়ার নবাগত রাষ্ট্রদূত পুনর্ব্যক্ত করলে উভয় দেশই অনুষ্ঠানের আয়োজন করতে পারে বলে মত দেন পররাষ্ট্রমন্ত্রী।
২০২৩ সালে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিত থাকার আশা ব্যক্ত করেন মোমেন।
