নকল পণ্যের বিরুদ্ধে অভিযানে র্যাব, কোটি টাকা জরিমানা
ভেজাল ও অস্বাস্থ্যকর খাবারের বিরুদ্ধে অভিযান চালিয়ে কোটি টাকা জরিমানা আদায়ের একদিন পরেই র্যাব অবৈধ ও নকল পণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় সমপরিমাণ টাকা জরিমানা আদায় করেছে।
অবৈধ-নকল পণ্য উৎপাদনের মজুদ ও বিক্রির সঙ্গে জড়িতদের ধরতে বৃহস্পতিবার সারাদেশে এই অভিযান চলে।
র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে ১৩৯ জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৯৮ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
জরিমানার পাশাপাশি জব্দ করা নকল ও অবৈধ পণ্যগুলো ধ্বংস করা হয়।
র্যাবের নির্বাহী হাকিম, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম, অন্যান্য সংস্থার নির্বাহী হাকিম ও কর্মকর্তাগণের সমন্বয়ে র্যাবের ১৫টি ব্যাটালিয়ন এই অভিযান চালায়।
যাদের জরিমানা করা হয়েছে তারা ক্ষতিকর কেমিকেল দিয়ে সাবান, শ্যাম্পু, বডি লোশনসহ নানা রকম দেশি ও বিদেশি প্রসাধনী, খাদ্যদ্রব্য, মবিল ও ওষুধ তৈরি ছাড়াও অবৈধভাবে দেশে এনে বিক্রি করছিল বলে র্যাব জানিয়েছে।
১৩৯ জনের মধ্যে একজনকে জরিমানাসহ কারাদণ্ড দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
গত ৭ সেপ্টেম্বর দেশব্যাপী একযোগে ভেজাল, মানহীন ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাব।
তাতে ২০৫ জন ব্যবসায়ী ও প্রতিষ্ঠানকে ৯৭ লাখ ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
