ইন্টারনেট ব্যবহারকারী যুবাদের ২৮% খোঁজ রাখেন কর্মমুখী শিক্ষার: জরিপ
বাংলাদেশে যুব সমাজের ৭২ শতাংশ ইন্টারনেট ব্যবহার করলেও তাদের বড় অংশের আগ্রহের মধ্যে কর্মমুখী শিক্ষা নেই বলে এক জরিপকে উদ্ধৃত করে জানিয়েছে ব্র্যাক।
বৃহস্পতিবার প্রকাশিত এই জরিপে দেখা যায়, বাংলাদেশের যুবাদের যে ৮৬ শতাংশ স্মার্টফোন ব্যবহার করেন, তাদের ৭২ শতাংশ ইন্টারনেট ব্যবহার করেন। ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে মাত্র ২৮ দশমিক শূন্য ৩ শতাংশ ইন্টারনেটের মাধ্যমে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি) সম্পর্কিত উপকরণ অনুসন্ধান করেছেন।
দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ও পরবর্তীকালে কর্মসংস্থানের ব্যাপারে যুবাদের ধারণাসংক্রান্ত ওই বেসলাইন জরিপ পরিচালনা করে ব্র্যাক।
জরিপে অংশগ্রহণকারী যুবাদের অধিকাংশ (৬৫%) ফেইসবুককে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য সবচেয়ে কার্যকর ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে চিহ্নিত করেছেন।
জরিপ প্রতিবেদনে বলা হয়, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণে অংশগ্রহণের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে౼ ‘দ্রুত চাকরি পাওয়া’। তরুণ-তরুণীদের ৪৩.৭% জানান, এ ধরনের প্রশিক্ষণের কথা আগে তাদের মাথায়ই আসেনি।
নারীদের ক্ষেত্রে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের সুযোগ আরও প্রসারিত করা দরকার, বিশেষ করে অপ্রচলিত পেশা, যেমন౼হাল্কা প্রকৌশল শিল্প এবং মেরামত-সংক্রান্ত কাজের ক্ষেত্রে।
জরিপে অংশগ্রহণকারী যুবাদের ৬৫% কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য ফেসবুককে সবচেয়ে কার্যকর ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে চিহ্নিত করেন।
রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশের কর্মমুখী শিক্ষায় যুবদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন’ শীর্ষক জাতীয় পর্যায়ের মতবিনিময় সভায় এই জরিপের তথ্যউপাত্ত উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ ব্যবস্থা এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশের জনগোষ্ঠী তথা যুবসমাজকে জনশক্তিতে পরিণত করে কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্র্যাকের ঊর্ধ্বতন পরিচালক কেএএম মোরশেদ বলেন, "যুবগোষ্ঠীর জনশক্তিতে পরিণত না হওয়ার বিষয়টি সমাজে দক্ষতা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণের সঙ্গে জড়িত। তাই জনসমষ্টির সঙ্গে একাত্ম হয়ে আমাদের এর বিরুদ্ধে লড়াই করতে হবে।”
মূল প্রবন্ধ উপস্থাপনকালে ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের বর্তমান ইনচার্জ তাসমিয়া তাবাসসুম রহমান বলেন, “বাংলাদেশে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার চাকরিগুলিকে এখনও ব্লু কলার জব বা কায়িক শ্রমের চাকরি হিসেবে অবজ্ঞার চোখে দেখা হয়। এই ভুল ভাঙাতে সচেতনতা তৈরি করা এবং সমাজকে টিভিইটির গুরুত্ব এবং তার সম্ভাবনা সম্পর্কে জানানো খুবই গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানের বিশেষ অতিথি প্রধানমন্ত্রী কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক কে এম তারিকুল ইসলাম বলেন, ”প্রতি জেলায় সরকারি প্রশিক্ষণ কেন্দ্র থাকলেও আগে দরকার দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনা। এখানে বেসরকারি এবং সেচ্ছাসেবী সংস্থাগুলো ভূমিকা রাখতে পারে।”
তিনি বলেন, ”দেশের যে অঞ্চলগুলোতে সরকারি প্রশিক্ষণ কেন্দ্রের ব্যাপ্তি বিস্তৃত নয় সেখানে বেসরকারি সংস্থাগুলো স্থায়ী কাঠামো তৈরি করে তরুণদের প্রশিক্ষণ দেবে বলে আমরা আশা করি।”
জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ-এর নির্বাহী চেয়ারম্যান দুলাল কৃষ্ণ সাহা বলেন, “বিভিন্ন খাতে আমাদের প্রবৃদ্ধি ধরে রাখার জন্য শ্রমিকদের উৎপাদনশীলতা ধরে রাখতে হবে। দক্ষতা ছাড়া চতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকা যাবে না। তাই বৈদেশিক বিনিয়োগ আকৃষ্ট করতে এবং দক্ষ জনবল তৈরিতে ব্যাপক প্রচারণা জরুরি।”
বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি ই পিটারসেন অনুষ্ঠানে বলেন, “তরুণদের কথাগুলো আমাদের শুনতে হবে এবং একটি অন্তর্ভুক্তিমূলক পদ্ধতির অধীনে তাদের সঙ্গে মতবিনিময় করতে হবে।
”সরকার, প্রাইভেট সেক্টর এবং অংশীদারদের মধ্যে থেকে স্টেকহোল্ডার গঠন করে তরুণদের মানসিকতা কিভাবে পরিবর্তন করা যায় তা নিয়ে ভাবতে হবে। পরিশেষে তরুণদেরও পরিবর্তনশীল বিশ্বের জন্য সঠিক দক্ষতা এবং মানসিকতা নিয়ে প্রস্তুত থাকতে হবে।”
বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রি'র সভাপতি সেলিমা আহমাদ বলেন, “তরুণ জনগোষ্ঠীকে শুধু প্রশিক্ষণ দিলেই হবে না, তাদের কাজের সুযোগও তৈরী করতে হবে।
”মিডিয়াতে এ বিষয়ে প্রচারণা হতে হবে এবং অবশ্যই কমিউনিটি লিডার এবং জনপ্রতিনিধিদেরকে সম্পৃক্ত করতে হবে। এছাড়াও যেসব এলাকা থেকে বেশি জনশক্তি রপ্তানি হয় সেখানেও ব্র্যাকের মত প্রতিষ্ঠানগুলোকে জনসচেতনতা এবং প্রশিক্ষণ নিয়ে কাজ করতে হবে।”
ব্র্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক আসিফ সালেহ বলেন, “ট্রেনিং সেন্টার হিসেবে শুধু দালান তৈরি করলেই চলবে না, বরং তারা যাতে সেই দক্ষতা প্রশিক্ষণকে কাজে লাগিয়ে চাকরি পায়, অথবা উদ্যোক্তা হতে পারে, বা আয় বর্ধককাজে আত্মনিয়োগ করে জীবনমান উন্নত করতে পারে সেদিকে নজর দিতে হবে। আমরা বাংলাদেশ সরকারকে সমর্থন করতে এবং টিভিইটি-র নতুন উদ্ভাবনী সমাধানের জন্য প্রস্তুত।”
