২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিআইডির বরখাস্ত এসআই আকসাদুর ৫ দিনের রিমান্ডে

ঢাকার বিমানবন্দর এলাকায় ডাকাতির ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার সিআইডির বরখাস্ত এসআই আকসাদুর জামানকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের রিমান্ডে পেয়েছে ডিবি পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2021, 06:25 PM

Updated : 07 Apr 2022, 11:36 PM

বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস গোয়েন্দা পুলিশের (ডিবি) আবেদনের শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই মাসুদুল ইসলাম বিমানবন্দর থানায় ডাকাতি ও ছিনতাইয়ের অভিযোগে করা মামলায় আকসাদুরকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন।

পরে উভয় পক্ষের আইনজীবীদের শুনানি শেষে বিচারক পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এস আই মাহমুদুর রহমান।

তিনি জানান, আকসাদুরের এর আগে এই মামলার কয়েকজন আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বুধবার রংপুরের মিঠাপুকুরের শঠিবাড়ি বাজার এলাকা থেকে সিআইডির বরখাস্ত এসআই আকসাদুরকে গ্রেপ্তার করা হয় বলে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানান অতিরিক্ত পুলিশ কমিশনার হাফিজ আকতার।

ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি জানান, গত বছর ১৯ অক্টোবর বিমানবন্দর এলাকা থেকে এক প্রবাসীকে অপহরণের পর ডাকাতির ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়। সেই মামলায় ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

তাদের মধ্যে হাসান রাজা, গাড়ি চালক হারুণ অর রশিদ ওরফে সজীব, অটোরিকশা চালক জোনাব আলী এবং কায়ছার মাহমুদ ওরফে জাকির হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

“সেই জবানবন্দি পর্যালোচনা করে দেখা যায়, সিআইডির এসআই আকসাদুরের নেতৃত্বে এই ডাকাতির ঘটনা ঘটেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকসাদুদ জড়িত থাকার কথা স্বীকার করেছে।”

গত বছরের ২০ অক্টোবর ঢাকার বিমানবন্দর সড়কে এক প্রবাসীর অর্থ লুট থেকে ঘটনার শুরু, যা তখন আলোচনা তৈরি করেছিল। দুবাই প্রবাসী রোমান মিয়া এই লুটের শিকার হয়ে মামলা করেন।

সম্প্রতি একটি ফোনালাপের অডিও ছড়িয়ে পড়ার পর এ ঘটনায় সিআইডির সঙ্গে গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের জড়িয়ে পড়ার বিষয়টি সামনে আসে, যা নিয়ে বুধবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ওই অডিওতে এক নারী ও এক পুরুষের কথোপকথনে কোটি টাকার বেশি লেনদেনের কথা এসেছে।

সিআইডির উপপরিদর্শক আকসাদুর জামানের দাবি, এটা তার স্ত্রীর সঙ্গে মামলার তদন্ত দেখভালকারী ডিবি কর্মকর্তা কায়সার রিজভী কোরায়শির কথোপকথন।

তবে এডিসি কোরায়শি অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, লুটের মামলা থেকে বাঁচতে এই ‘সাজানো অডিও টেপ তৈরি করেছেন’ সিআইডি কর্মকর্তা আকসাদুর।

বৃহস্পতিবার ডিবির সংবাদ সম্মেলনে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হাফিজ আকতার বলেন, “একটি অডিও ফাঁস হয়েছে। সেখানে বড় অংকের টাকা লেনদেনের কথা বলা হয়েছে। মামলার তদন্তের পাশাপাশি সেই টাকা কোথা থেকে এল, আমাদের কোনো কর্মকর্তা জড়িত আছে কিনা- সব বিষয় আমরা খতিয়ে দেখব।"

পুরনো খবর:

একটি ডাকাতি, একটি অডিও: সিআইডি-ডিবি কর্মকর্তার পাল্টাপাল্টি