২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘুষের অভিযোগে ঢাকার ওয়াসার প্রকৌশলী ওএসডি

ঘুষ গ্রহণের অভিযোগে ঢাকা ওয়াসার নির্বাহী প্রকৌশলী (কেন্দ্রীয় ভাণ্ডার) মো. গোলাম মাহবুবকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে সংস্থাটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2021, 11:29 PM

Updated : 02 Aug 2022, 06:19 PM

এই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ পেয়ে মঙ্গলবার দুদকের সহকারী পরিচালক শেখ গোলাম মাওলার নেতৃত্বে একটি অনুসন্ধান দল ওয়াসা কার্যালয় পরিদর্শন করে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করেছে বলে জানিয়েছেন কমিশনের জনসংযোগ কর্মকর্তা মুহাম্মদ আরিফ সাদেক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযুক্ত কর্মকর্তাকে উক্ত অভিযোগের প্রেক্ষিতে বর্তমানে ওএসডি করা হয়েছে। তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য ওয়াসার এমডি বরাবর সুপারিশ করেছে। পরবর্তীতে আরও তথ্য প্রমাণ সংগ্রহ ও রেকর্ডপত্র বিস্তারিত পর্যালোচনা করে কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক পরিদর্শন টিম।”

ওয়াসার এ প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারদের বিলের ছাড়পত্র দিতে ঘুষ আদায়ের অভিযোগ পেয়ে দুদক দল পরিদর্শনে যায় বলে সংস্থাটির কর্মকর্তা আরিফ সাদিক জানিয়েছেন।

ঢাকা ওয়াসার উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোস্তফা তারেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওএসডি বিষয়ে এখনও কোনো অর্ডার হয়নি। তবে আজ-কালের মধ্যে এমন একটি অর্ডার হওয়ার কথা আছে।”

তিনি বলেন, “দুর্নীতির বিরুদ্ধে আমরা সব সময় শূন্য সহিষ্ণু, দুদক যে কাজ করে তা আমাদেরও কাজ। কারও বিরুদ্ধে দুর্নীতির সংশ্লিষ্টতা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, তা আমরাও চাই।”