মেয়াদ বাড়ল সংসদ অধিবেশনের
চলমান একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের মেয়াদ বেড়েছে।
গত ১ সেপ্টেম্বর শুরু হওয়া অধিবেশন চার কার্যদিবস চলার কথা ছিল। সে হিসেবে শনিবার সংসদের বৈঠক শেষ হওয়ার কথা।
কিন্তু শনিবার স্পিকার শিরীন শারমিন চৌধুরী আগামী ১৪ সেপ্টেম্বর বেলা ১১টা পর্যন্ত সংসদের বৈঠক মুলতবি করেন।
অধিবেশনের প্রথম দিন প্রয়াত সংসদ সদস্য আলী আশরাফের ওপর আনা শোক প্রস্তাবের আলোচনা শেষে রেওয়াজ অনুযায়ী সংসদের বৈঠক মুলতবি করা হয়।
পরদিন সিরাজগঞ্জের সংষদ সদস্য হাসিবুর রহমান স্বপনের মৃত্যুতে আবারও শোক প্রস্তাব তুলে অধিবেশন মুলতবি করা হয়।
ফলে নির্ধারিত কার্যক্রম স্থগিত রাখা হয়, যা শুক্রবার নিষ্পন্ন করা হয়।
এদিকে রোববার আন্তর্জাতিক তিনটি সম্মেলনে যোগ দিতে অস্ট্রিয়ার ভিয়েনাতে যাবেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া চিকিৎসার জন্য বর্তমানে ভারতে অবস্থান করছেন।
সংসদের পরিচালক (গণসংযোগ) তারিক মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার দিবাগত রাতে স্পিকার ভিয়েনার উদ্দেশে রওনা দেবেন।”
সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার স্বাভাবিকভাবে সংসদের কার্যক্রম চললে অধিবেশনের মেয়াদ বাড়ানো লাগত না। কিংবা ডেপুটি স্পিকার দেশে থাকলেও হয়তো শনিবার অধিবেশন সমাপ্ত হত। এজন্য অধিবেশনের মেয়াদ বাড়ানো হয়েছে।
