সংসদ বসছে বুধবার
চলতি একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন বুধবার শুরু হচ্ছে। সেদিন বিকেল ৫টায় সংসদের বৈঠক বসার কথা রয়েছে।
সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে বসতে যাওয়া এ অধিবেশন চলবে মাত্র চার কার্যদিবস। করোনাভাইরাস মহামারীকালের অন্য অধিবেশনের মত এবারও মানা হবে কঠোর স্বাস্থ্যবিধি।
আওয়ামী লীগের সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফের মৃত্যুতে সংসদের প্রথম দিনের বৈঠক শোকপ্রস্তাব গ্রহণের পর মুলতবি হবে। তার আগে পাঁচজন সভাপতিমণ্ডলির সদস্যদের নাম ঘোষণা করা হবে।
চলতি সংসদের কোনো সদস্য মারা গেলে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে রেওয়াজ অনুযায়ী বৈঠক মুলতবি করা হয়।
তার আগে ওই সংসদ সদস্যকে শ্রদ্ধা জানিয়ে সংসদে আলোচনা হয়।
মহামারীর কারণে এবার শুক্রবারও জাতীয় সংসদের বৈঠক বসবে। ওইদিন অধিবেশন শুরু হবে বিকাল ৪টায়। দ্রুত অধিবেশন শেষ করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সরকারি দলের হুইপ ইকবালুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অন্যবারের মত এবারও আমরা নির্দিষ্ট সংখ্যক সংসদ সদস্যদের অধিবেশনে আসার আহ্বান জানাব। এ জন্য তালিকা করা হয়েছে। অধিবেশনে অংশ নেওয়া সকল সংসদ সদস্য কোভিড-১৯ পরীক্ষা করাবেন।”
তিনি জানান, করোনাভাইরা পরীক্ষা করে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের অধিবেশনে যেতে হবে। অধিবেশনের কার্যদিবসের মধ্যে বিরতি রাখলে সংক্রমিত হওয়ার ঝুঁকি বাড়বে। সেজন্য শুক্রবারও অধিবেশন চালানোর পরিকল্পনা রয়েছে।
সাংবাদিকরা এবারও সংসদের বৈঠকের সংবাদ সংগ্রহের জন্য সংসদ ভবনে প্রবেশের অনুমতি পাচ্ছেন না।
সংসদের উপ সচিব (গণসংযোগ) মো. তারিক মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “করোনা সংক্রমণ প্রতিরোধে অধিবেশনকালীন সাংবাদিকদের পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না। অধিবেশনের সব কার্যক্রম সংসদ বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার থেকে সংবাদ সংগ্রহের অনুরোধি জানাচ্ছি।“
অধিবেশন সংক্ষিপ্ত হলেও এবারের অধিবেশনে নতুন তিনটি বিলসহ ১৫টি বিল নিষ্পত্তি হতে পারে।
এর মধ্যে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২১, ব্যাংকার বহি সাক্ষ্য বিল- ২০২১, বাংলাদেশ ট্যুর অপারেটর ও ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালন) বিল ২০২১, মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল ২০২১, মেডিকেল ডিগ্রিস (রিপিল) বিল-২০২১, মেডিকেল কলেজ, (গভর্নিং বডিস) (রিপিল) বিল-২০২১, বাংলাদেশ জাতীয় আর্কাইভস বিল-২০২১, জাতীয় শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট বিল-২০২১, কুড়িগ্রাম বিশ্ববিদ্যালয় বিল-২০২১, জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ বিল-২০২১ এবং গান্ধী আশ্রম (ট্রাস্টি বোর্ড) বিল-২০২১ সংসদে তোলা হয়েছে।
উত্থাপনের অপেক্ষায় রয়েছে বিরোধী দলীয় নেতা এবং উপনেতা (পারিতোষিক ও বিশেষ অধিকার) বিল-২০২১, বিশেষ নিরাপত্তা বাহিনী বিল- ২০২১, মহাসড়ক বিল-২০২১ এবং বাংলাদেশ লিগ্যাল প্রাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল বিল-২০২১।
আসন্ন অধিবেশনটি হবে চলতি বছরের চতুর্থ অধিবেশন। সংসদের ত্রয়োদশ অধিবেশন শেষ হয় গত ৩ জুলাই, যেটি ছিল বাজেট অধিবেশন।
জাতীয় সংসদের এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে অধিবেশন ডাকার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
