২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যের গাড়িচালক মালেকের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য

অস্ত্র মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের গাড়িচালক আব্দুল মালেকের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার প্রথম তদন্ত কর্মকর্তা তুরাগ থানার এসআই রুবেল শেখ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2021, 07:40 PM

Updated : 02 Aug 2022, 06:16 PM

এ নিয়ে মামলাটিতে ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হল।

রোববার ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক কে এম ইমরুল কায়েশের আদালতে সাক্ষ্য দেন তিনি।

তার স্বাস্থ্য গ্রহণ শেষে আদালত আগামী মঙ্গলবার পরবর্তী সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন নির্ধারণ করেছেন বলে আসামিপক্ষের আইনজীবী ফারুক আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর   ডটকমকে জানিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরে ব্যাপক দুর্নীতির সঙ্গে জড়িত হিসেবে আলোচনায় আসা গাড়িচালক মালেককে র‌্যাব ২০২০ সালের ২০ সেপ্টেম্বর ঢাকার তুরাগ এলাকা থেকে অবৈধ অস্ত্র, জাল নোট ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করে।

স্বাস্থ্যের গাড়িচালক মালেকের বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্য  

অস্ত্র মামলায় স্বাস্থ্যের গাড়িচালক মালেকের বিচার শুরু  

স্বাস্থ্যের গাড়িচালক মালেকের অস্ত্র মামলার অভিযোগপত্র গ্রহণ  

গত ১১ মার্চ তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর আগে গত ১১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা র‌্যাব-১ এর এসআই মেহেদী হাসান চৌধুরী তার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।

গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, দেড় লাখ টাকার জাল নোট, একটি ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়।

এ ঘটনায় র‌্যাব-১ এর পরিদর্শক (শহর ও যান) আলমগীর হোসেন বাদী হয়ে তুরাগ থানায় অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা দায়ের করেন।

মালেককে গ্রেপ্তারের পরদিন দুর্নীতি দমন কমিশন- দুদক জানায়, আগে থেকেই স্বাস্থ্য অধিদপ্তরের ‘সীমাহীন দুর্নীতি ও অনিয়ম’ সাড়ে জড়িত অর্ধশতাধিক কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে অনুসন্ধান করছে কমিশন। তাদের মধ্যে গাড়িচালক মালেকও রয়েছেন।

মালেককে গ্রেপ্তারের পর র‌্যাবের পক্ষ থেকে দাবি করা হয়েছিল, অবৈধ অর্থে বিপুল সম্পদের মালিক হয়েছেন স্বাস্থ্যের এই গাড়িচালক।

স্বাস্থ্যের গাড়িচালক মালেকের সাড়ে ৩ কোটি টাকার সম্পদ: দুদক  

স্বাস্থ্যের গাড়িচালকের শত কোটি টাকার সম্পদ: র‌্যাব  

র‌্যাব কর্মকর্তারাদের ভাষ্য অনুযায়ী, তুরাগের দক্ষিণ কামারপাড়ায় ২টি সাততলা ভবন, একই এলাকায় একটি বিশাল ডেইরি ফার্ম, ধানমন্ডির হাতিরপুলে সাড়ে ৪ কাঠা জমিতে একটি নির্মাণাধীন ১০তলা ভবন ছাড়াও কলাবাগানসহ রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ১৫টি ফ্ল্যাট রয়েছে মালেকের।

এছাড়া বিভিন্ন ব্যাংকে বিপুল পরিমাণ অর্থও জমা আছে।