২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুল থেকে ফিরছেন ১২ বাংলাদেশি, সঙ্গে আফগান শিক্ষার্থীরা

আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে আইএসএর ভয়াবহ আত্মঘাতী হামলার কারণে আটকে যাওয়া ১২ বাংলাদেশি নাগরিক এবং ১৬০ জন আফগান শিক্ষার্থী দেশে ফিরছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2021, 10:33 PM

Updated : 02 Aug 2022, 06:16 PM

পরারাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস শনিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ইতোমধ্যে তারা কাবুল থেকে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে পৌঁছেছেন। সেখান থেকে তাদের দেশে ফেরার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বার্তায় জানিয়েছে, আফগান শিক্ষার্থীদের সঙ্গে ১২ জন বাংলাদেশি মার্কিন সামরিক ঘাঁটি থেকে একটি ভাড়া করা উড়োজাহাজে করে শিগগিরই দেশের পথে রওনা হবেন। 

এই ১৬০ আফগান শিক্ষার্থী চট্টগ্রামে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে পড়েন। ছুটিতে বাড়ি গিয়ে তারা সেখানে আটকা পড়েন, কারণ তালেবান কাবুল দখল করে নেওয়ার পর তারা ফেরার ফ্লাইট পাচ্ছিলেন না।

ওই আফগান শিক্ষার্থদের সঙ্গে ১২ বাংলাদেশি নাগরিকের গত বুধবারই দেশে আসার কথা ছিল। কিন্তু সন্ত্রাসী হামলার সতর্কতার কারণে সেদিন তাদের কাবুল বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়। তারা ফিরে যাওয়ার ঘণ্টাখানেক পর বিমানবন্দরের বাইরে আইএস এর আত্মঘাতী বোমা হামলায় দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়।  

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যেহেতু উনারা আফগানিস্তান থেকে যাওয়ার সময় কোনো এক্সিট পাস পাননি, সেক্ষেত্রে কাতারে কিছু ফর্মালিটিজ মেনে আসতে হবে। কাতার সম্ভবত একটা এসওপি তৈরি করেছে। ফর্মালিটিজ শেষ করতে একটু সময় লাগতে পারে।”

কাবুলে নিহত বেড়ে ১৭০, ‘সবচেয়ে বিপজ্জনক’ পর্বে যুক্তরাষ্ট্র