কাবুলে নিহত বেড়ে ১৭০, ‘সবচেয়ে বিপজ্জনক’ পর্বে যুক্তরাষ্ট্র
আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৭০ জনে পৌঁছেছে বলে খবর দিয়েছে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়, নিহত ওই ১৭০ জনের মধ্যে মার্কিন বাহিনীর ১৩ জন এবং তিনজন ব্রিটিশ নাগরিকও রয়েছেন।
তবে নিউ ইয়র্ক টাইমস লিখেছে, মার্কিন বাহিনীর ১৩ জনকে ছাড়াই নিহতের সংখ্যা ১৭০ জনের পৌঁছেছে বলে আফগান স্বাস্থ্য কর্মকর্তারা তাদের জানিয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কাবুল বিমানবন্দরের বাইরে ওই হামলায় দুই দফা বিস্ফোরণের কথা বলা হয়েছিল পেন্টাগনের পক্ষ থেকে।
তবে শুক্রবার পেন্টাগন বলেছে, দুটি নয়, বিস্ফোরণ একটিই ঘটেছে এবং একজন হামলাকারীই সেখানে ছিল বলে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে হামলার দায় স্বীকার করে দেওয়া বার্তায় আন্তর্জাতিক সন্ত্রাসী দল আইএসও বলেছিল, তাদের একজন সদস্য ভিড়ের মধ্যে নিজের শরীরে থাকা বোমার বেল্টে বিস্ফোরণ ঘটিয়েছে।
হামলকারীদের জবাব দেওয়ার অঙ্গীকার করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইতোমধ্যে বলেছেন, আমেরিকা তাদের খুঁজে বের করবে।
তবে বাইডেন এখনও ৩১ অগাস্টের মধ্যে আফগানিস্তান থেকে পুরোপুরি সেনা প্রত্যাহারের পরিকল্পনায় অটল রয়েছে বলে জানানো হয়েছে সিএনএন এর খবরে।
আগের দিনের বোমা হামলার পর শুক্রবার কাবুল বিমানবন্দর দিয়ে পশ্চিমা দেশগুলোর নাগরিকদের সরিয়ে নেওয়ার চূড়ান্ত পর্ব শুরু হয়েছে। তবে সেখানে ইসলামিক স্টেট আবারও হামলা চালাতে পারে ধরে নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র।
কাবুল তালেবানের নিয়ন্ত্রণে যাওয়ার পর থেকে সাধারণ আফগানরাও অনেকে কাবুল ত্যাগ করার চেষ্টা করছেন। বৃহস্পতিবারের বিস্ফোরণের পরও অনেকে বিমানবন্দরের কাছে ভিড় করেছেন এই আশায় যে, বিদেশি সেনাদের সরিয়ে নেওয়ার বিমানে ওঠার সুযোগ তাদের হয়েও যেতে পারে।
তবে সেই ভিড় এখন কয়েক হাজার থেকে কমে কয়েকশতে নেমে এসেছে বলে জানিয়েছে রয়টার্স।
বিমানবন্দরের বাইরে কলাশনিকভ রাইফেল হাতে পাহারায় থাকা তালেবান যোদ্ধাদের দেখা গেছে ভিড় করা আফগানদের বিমানবন্দরের গেইট থেকে সরিয়ে দিতে। চেকপয়েন্টগুলোতে ট্রাকসহ অন্তত একটি করে হামভি নিয়ে পাহারা বসানো রয়েছে।
খোস্ত থেকে আসা মোহাম্মদ নামে এক আফগান বলেন, তিনি আশা করেছিলেন শুক্রবার কোনো ফ্লাইট ধরতে পারবেন, কিন্তু এখন মনে হচ্ছে তিনি আটকা পড়ে গেছেন।
তালেবান যোদ্ধারা আফগান বাহিনীর সাবেক সেনা এবং গণমাধ্যমকর্মীদের খোঁজ করছে জানিয়ে তিনি বলেন, “আমি এখানে মোটেও নিরাপদ বোধ করছি না।”
ছবি: নিউ ইয়র্ক টাইমস
বিবিসি লিখেছে, আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরে বোমা হামলার ঘটনায় নিরাপত্তা নিয়ে ব্যর্থতার প্রশ্নে সাংবাদিকদের চাপের মুখে সাকি স্বীকার করেন, ‘কিছু একটা ভুল’ সেখানে হয়েছে।
জড়িতদের ধরে এনে বিচারের মুখোমুখি করা পর্যন্তই প্রেসিডেন্ট জো বাইডেন সন্তুষ্ট থাকবেন কি না- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার মনে হয় তিনি স্পষ্ট করেছেন যে তিনি চান না তারা আর পৃথিবীতে বেঁচে থাকুক।”
কাবুল বিমানবন্দরে হামলার পর বৃহস্পতিবার বাইডেন হুঁশিয়ার করে বলেন, যুক্তরাষ্ট্র তাদের “ধরে আনবে এবং তাদেরকে এর খেসারত দিতে হবে।”
প্রেসিডেন্ট বাইডেন সামনের দিনগুলোতে কাবুল বিমানবন্দরে আরও হামলার বিষয়ে সতর্ক করেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের একজন কর্মকর্তা।
জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে বৈঠকে বাইডেনকে জানানো হয়, যুক্তরাষ্ট্রের কর্মকর্তা এবং অন্যদের নিরাপত্তায় সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
আইএসের সম্ভাব্য হামলার বিষয়ে মার্কিন বাহিনী ‘সজাগ আছে’ জানিয়ে ওই কর্মকর্তা বলেন, “এই (আফগানিস্তান) মিশনে আগামী কয়েকটা দিন হবে এযাবৎকালের সবচেয়ে বিপজ্জনক সময়।”
তিনি জানান, মার্কিন সেনাদের সঙ্গে যারা যে মার্কিন নাগরিকরা দেশে ফিরে আসতে চান, তাদের বিষয়ে গুরুত্ব দেওয়া হবে এবং তাদের নিরাপদে বিমানবন্দরে নিতে ‘বিভিন্ন ধরনের ব্যবস্থা’ ইতোমধ্যে নেওয়া হয়েছে।
রয়টার্স জানিয়েছে, আগের দিনের হামলার পরও কাবুল থেকে ফ্লাইট চলাচল অব্যাহত রয়েছে এবং গত ২৪ ঘণ্টায় সাড়ে ১২ হাজার মানুষকে আফগানিস্তান থেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছে পেন্টাগন।
