২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাবুলে হামলায় আমাদের হৃদয় ভেঙেছে: ওবামা

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের কাছে প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় ‘হৃদয় ভেঙে গেছে’ এমনটিই অনুভব করেছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2021, 09:33 PM

Updated : 07 Apr 2022, 11:32 PM

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের কাছ থেকে তালেবানের বিরুদ্ধে মিশনের দায়িত্ব নিয়ে ক্ষমতায় আসা বারাক ওবামা আফগানিস্তানে হাজার হাজার সেনা মোতায়েন করেছিলেন।

বিবিসি জানায়, আমেরিকার এই সেনাদের বীর আখ্যা দিয়ে ওবামা বলেছেন, অন্যদের জীবন বাঁচাতে তারা বিপজ্জনক এক যুদ্ধে নিয়োজিত হয়েছে।

এক বিবৃতিতে তিনি বলেন, “প্রেসিডেন্ট হিসাবে, দেশের জন্য কাজ করতে গিয়ে প্রাণ হারানো আমেরিকানদের প্রিয়জনদের সঙ্গে দুঃখ করার চেয়ে বেদনাদায়ক আর কিছুই হতে পারে না।”

যেসব মার্কিনি এবং আফগান পরিবার প্রিয়জন হারিয়েছে তাদের জন্য শোকাহত বলে জানান ওবামা।

বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে দুটি বোমা বিস্ফোরণ হয়। তালেবানের কাবুল দখলের পর কূটনীতিক, বিদেশি নাগরিক ও অসংখ্য আফগানের দেশ ছাড়ার তোড়জোড়ের মধ্যে এ প্রাণঘাতী হামলা হয়েছে।

মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) এ হামলার দায় স্বীকার করে নিয়েছে। এতে যুক্তরাষ্ট্রের অন্তত ১৩ সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষাদপ্তরের সর্বসাম্প্রতিক হিসাবমতে, ২০০১ সালে আফগানিস্তানে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ২,৪০০’র বেশি মার্কিন সেনা নিহত হয়েছে।