২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনন্দের চিড়িয়াখানায় হারালো স্বাস্থ্যবিধি

মহামারীতে সাড়ে চার মাস বন্ধ থাকার পর খোলার প্রথম দিনেই জাতীয় চিড়িয়াখানায় দেখা গেল মানুষের উপচে পরা ভিড়।

সাবিকুন্নাহার লিপি সাবিকুন্নাহার লিপি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2021, 07:41 PM

Updated : 10 Oct 2022, 06:13 PM

সংক্রমণের ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ নানা পদক্ষেপ নিলেও দর্শনার্থীদের সেসবে মন ছিল না তেমন। ফলে শুক্রবার সকাল থেকেই চিড়িয়াখানার প্রবেশ ফটকের বাইরে দেখা গেল গায়ে গা লাগা ভিড়।

কর্তৃপক্ষ তাপমাত্রা মেপে, হাত স্যানিটাইজ করে দর্শনার্থীদের প্রবেশের ব্যবস্থা করেছে। মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

তবে ভেতরে ঢুকার পর অনেকের মাস্ক আর মুখে থাকেনি। পশু-পাখির খাঁচার সামনে জটলাও দেখা গেছে বেশ।

চিড়িয়াখানার ভেতরে ১২টি জায়গায় দর্শনার্থীদের জন্য হাত ধোয়ার ব্যবস্থা করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মাইকিং করে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও জানানো হয়েছে বার বার।

গতবছর থেকে মহামারীর অবকাশে চিড়িয়াখানার বিভিন্ন প্রাণীর প্রায় সাড়ে তিনশ শাবকের জন্ম হয়েছে। আড়াই মাস আগে জন্ম নেওয়া দুই বাঘ শাবক অবন্তিকা ও দুর্জয়ের নিরাপত্তার জন্য খাঁচার বাইরে আরো একটি বাড়তি ধাপ রাখা হয়েছে।

Image
দীর্ঘদিন বন্ধ ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানা শুক্রবার খুলে দেওয়া হয়েছে। ছুটির দিনে বাচ্চাদের নিয়ে বেড়াতে এসেছেন অনেকেই। ছবি: আসিফ মাহমুদ অভি

দীর্ঘদিন বন্ধ ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানা শুক্রবার খুলে দেওয়া হয়েছে। ছুটির দিনে বাচ্চাদের নিয়ে বেড়াতে এসেছেন অনেকেই। ছবি: আসিফ মাহমুদ অভি

দীর্ঘদিন পর চিড়িয়াখানা খোলায় দর্শনার্থীরা ছিলেন উচ্ছ্বসিত। ছুটির দিনে গাজীপুর থেকেও কয়েকজন তরুণ বেড়াতে এসেছিলেন চিড়িয়াখানায়। তাদের একজন রুবেল হাসান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বললেন, “অনেকদিন বন্ধুরা মিলে কোথাও যাওয়া হয় না। চিড়িয়াখানা খোলায় সবাই মিলে চলে এলাম।”

উত্তরার বাসিন্দা মিনারা বেগম এসেছিলেন শিশু সন্তানকে নিয়ে; উদ্দেশ্য বাচ্চাকে বাঘ দেখানো। 

“বাচ্চা এতদিন ধরে বাঘ দেখবে বলতেছে; খুলছে, নিয়ে আসছি। বাঘ দেখল, হরিণ দেখল। অনেকদিন পর ঘর থেকে বের হয়ে নিজেরও ভাল লাগতেছে।”

Image
মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর মিরপুর জাতীয় চিড়িয়াখানা খোলার প্রথম দিন শুক্রবার প্রবেশের জন্য টিকেট সংগ্রহ করছেন দর্শনার্থীরা। ছবি: আসিফ মাহমুদ অভি

মহামারীর কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর মিরপুর জাতীয় চিড়িয়াখানা খোলার প্রথম দিন শুক্রবার প্রবেশের জন্য টিকেট সংগ্রহ করছেন দর্শনার্থীরা। ছবি: আসিফ মাহমুদ অভি

এদিন বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেখানো হল হাতির ফুটবল খেলা। প্রতিদিনই এ সময়ে দর্শনার্থীরা হাতির ফুটবল খেলা দেখতে পাবেন বলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে।

গুলশান থেকে বেড়াতে আসা সাব্বির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বললেন, “এই প্রথম দেখলাম হাতি ফুটবল খেলছে। খুবই আশ্চর্য হলাম।”

মাস্ক ছাড়াই চিড়িয়াখানায় ঘুরে বেড়াচ্ছিলেন এক তরুণ। নাম বললেন শরিফ হাসান। মাস্ক না পরার কারণ জানতে চাইলে বললেন, “এতক্ষণ পরাই ছিলাম। ঘুরতে ঘুরতে টায়ার্ড লাগছে, তাই খুলছি। পরে ফেলব।”

দীর্ঘ বিরতির পর পরিবার নিয়ে চিড়িয়াখানায় এসে উচ্ছ্বসিত মিরপুরের বাসিন্দা শাহিন আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “অনেকদিন পরিবার-পরিজন নিয়ে কোথাও বের হওয়া হয় না। এখানে এসে ভালো লাগছে।”

Image
শুক্রবার খুলেছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা; প্রবেশের আগে দর্শনার্থীদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। ছবি: আসিফ মাহমুদ অভি

শুক্রবার খুলেছে মিরপুরের জাতীয় চিড়িয়াখানা; প্রবেশের আগে দর্শনার্থীদের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। ছবি: আসিফ মাহমুদ অভি

তার মতে, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কর্তৃপক্ষ ‘ভালো ব্যবস্থা’ নিয়েছে। কিন্তু সামাজিক দূরত্ববিধি মানাটা হচ্ছে না।

“গায়ে গায়ে মানুষজন লেগে যাচ্ছে। সময়টাতো ভালো না। এ ব্যাপারে নজরদারি করলে ভালো হয়। যদিও মাইকিং করে বলা হচ্ছে দূরত্ব মেনে চলতে।”

জাতীয় চিড়িয়াখানার পরিচালক আব্দুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শুক্রবার ১৪ হাজারের মত টিকেট বিক্রি হয়েছে৷

“মানুষ অনেক উৎসাহ উদ্দীপনা নিয়ে চিড়িয়াখানায় এসেছে। তারা সবকিছু দেখে সন্তুষ্টি প্রকাশ করেছে। দীর্ঘদিন পর মানুষ দেখে পশুপাখিরাও আনন্দ পেয়েছে।”

করোনাভাইরাসের প্রকোপ বাড়ায় গত ২ এপ্রিল বন্ধ করে দেওয়া হয় মিরপুরের এই চিড়িয়াখানা। লকডাউন তুলে নেওয়ার এক সপ্তাহ পর ১৯ অগাস্ট থেকে স্বাস্থ্যবিধি মানার শর্তে পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খুলে দেওয়ার অনুমতি দেয় সরকার।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসের প্রথম রোববার চিড়িয়াখানায় দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারবে বলে জানান পরিচালক আব্দুল লতিফ।