২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে গ্যাস লাইনে বিস্ফোরণ: দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর মিরপুরে একটি বাসায় গ্যাসের লাইনে ‘বিস্ফোরণ’ থেকে আগুন লেগে দগ্ধ সাতজনের মধ্যে রিনা বেগম (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2021, 01:06 AM

Updated : 02 Aug 2022, 06:16 PM

বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, রিনার শরীরের ৭০ শতাংশ আগুনে পুড়েছিল।

“এখন বার্ন ইউনিটে ছয়জন ভর্তি রয়েছেন।“

তারা হলেন- ভবন মালিক রফিকুল ইসলামের মা রওশন আরা বেগম (৭০) ও ভাই শফিকুল ইসলাম (৩৫), নিচতলার ভাড়াটিয়া নাজনীন আক্তার (২৫) ও তার মেয়ে নওশীন (৫), পাশের বাসার ভাড়াটিয়া রেনু বেগম (৩৫) ও পথচারী সাজ্জাদ হোসেন সুমন (৩০)।

রিনা ভবন মালিকের বোন ছিলেন বলে জানান বাচ্চু মিয়া।

মিরপুরের ভবনে গ্যাস লাইনে ‘বিস্ফোরণ’, আগুনে দগ্ধ ৭  

চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও জানান, রওশন আরার শরীরের ৮০ শতাংশ, শফিকুলের ৮৫ শতাংশ, নাজনীনের ২৭ শতাংশ, শিশু নওশীনের ১৫ শতাংশ, রেনুর ৩৮ শতাংশ ও সুমনের ৪৫ শতাংশ পুড়ে গেছে।

হাসপাতালে রোগীদের নিয়ে আসা স্থানীয়দের বরাত দিয়ে এই পুলিশ পরিদর্শক বলেন, “ওই ভবনে দুই দিন ধরে গ্যাস ছিল না। পরে মেরামত করা হয়; কিন্তু রাতে গ্যাস সংযোগ পরীক্ষা করতে গেলে বিকট শব্দে বিস্ফোরণ হয় এবং আগুন লেগে যায়।”

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রোজিনা আক্তার জানান, বুধবার রাত ১টার দিকে মিরপুর-১১ নম্বরের সি-ব্লকের ১১ নম্বর রোডের একটি চারতলা ভবনের নিচতলায় আগুন লাগে।

তিনি বলেন, “গ্যাস সরবরাহ পাইপ থেকে ভবনটির নিচতলার চারটি কক্ষে আগুন লাগে। পরে তিনটি ইউনিট আগুন নেভায়।”

ফায়ার সার্ভিস পৌঁছার আগেই আশপাশের লোকজন আহতদের হাসপাতালে নিয়ে যান বলে জানান তিনি।