২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মডার্নার কোভিড টিকাসহ গ্রেপ্তার বিজয় কৃষ্ণ কারাগারে

বেআইনিভাবে করোনাভাইরাসের টিকা রাখায় গ্রেপ্তার ঢাকার পল্লী চিকিৎসক বিজয় কৃষ্ণ তালুকদারকে দুদিন পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পর কারাগারে পাঠানো হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2021, 05:19 PM

Updated : 02 Aug 2022, 06:15 PM

বৃহস্পতিবার তাকে ঢাকার আদালতে নেওয়া হলে মহানগর হাকিম আশেক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজয়ের পক্ষে জামিনের আবেদন করা হলেও তা নাকচ করেন বিচারক।

গত ১৮ অগাস্ট রাতে দক্ষিণখানে একটি ফার্মেসি থেকে বিজয় কৃষ্ণ তালুকদার নামে ওই প্যারামেডিককে মডার্নার টিকার দুটি ভায়ালসহ গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মডার্নার টিকার দুটি খালি বাক্সও উদ্ধার করা হয়।

বিজয় কৃষ্ণ দক্ষিণখানের চালাবন এলাকার হাজীপাড়ায় থাকেন। সেখানে তিনি ‘দরিদ্র পারিবারিক সেবা সংস্থা ক্লিনিক’ নামে একটি ক্লিনিক এবং ফার্মেসি পরিচালনা করেন।

কোভিড-১৯ টিকা দেশে সরকারিভাবে এনে দেওয়া হচ্ছে। বেসরকারিভাবে দেওয়ার কোনো সুযোগ নেই।

বিজয় চুরি করে কোভিড-১৯ টিকা তার ক্লিনিকে চড়া দামে বিক্রি করছিলেন বলে অভিযোগ পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। এরপর দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন বিশেষ ক্ষমতা আইনে বিজয়ের বিরুদ্ধে মামলা করেন।

বিজয়ের বিরুদ্ধে একজন রোগীকে ধর্ষণের অভিযোগও রয়েছে।

পুরনো খবর:

টিকার ভায়ালসহ গ্রেপ্তার ফার্মেসি মালিক রিমান্ডে