টিকার ভায়ালসহ গ্রেপ্তার ফার্মেসি মালিক রিমান্ডে
ঢাকার দক্ষিণখান থেকে ‘মডার্নার করোনাভাইরাসের টিকাসহ’ গ্রেপ্তার ফার্মেসি মালিক বিজয় কৃষ্ণ তালুকদারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার সোমবার পুলিশের রিমান্ড আবেদনের শুনানি করে সোমবার এই আদেশ দেন।
দক্ষিণখান থানায় বিশেষ ক্ষমতা আইনের এ মামলায় আসামি বিজয় কৃষ্ণকে দশ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চেয়েছিলেন তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল আজিজ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান শুনানিতে বলেন, “তিনি প্রতারক। তিনি অবৈধ পথে টিকা যে কোনোভাবে চুরি করে এনেছেন। তার বিরুদ্ধে একই এলাকার একজন রোগিনীর করা ধর্ষণ মামলা চলমান। সরকারের স্বাস্থ্য বিভাগ শুধুমাত্র মনোনীত হাসপাতাল ও সরকারি চিকিৎসা কেন্দ্রে এই টিকা সরবরাহ করেছে। সে কি করে এ টিকা পেল?
“স্পর্শকাতর এ ঘটনাল রহস্য উন্মোচনের জন্য তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি।”
বিজয় কৃষ্ণ তালুকদারের আইনজীবী শুনানিতে রিমান্ডের বিরোধিতা করেন। শুনানি শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৮ অগাস্ট রাতে দক্ষিণখানে একটি ফার্মেসি থেকে বিজয় কৃষ্ণ তালুকদার নামে ওই প্যারামেডিককে মডার্নার টিকার দুটি ভায়ালসহ গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে মডার্নার টিকার দুটি খালি বাক্সও উদ্ধার করা হয়।
বিজয় কৃষ্ণ দক্ষিণখানের চালাবন এলাকার হাজীপাড়ায় থাকেন। সেখানে তিনি ‘দরিদ্র পারিবারিক সেবা সংস্থা ক্লিনিক’ নামে একটি ক্লিনিক এবং ফার্মেসি পরিচালনা করেন।
পুলিশ বলছে, বিজয় কৃষ্ণ তার ক্লিনিক থেকে চড়া দামে করোনাভাইরাসের টিকা বিক্রি করে আসছিলেন। এ অভিযোগে দক্ষিণখান থানার এসআই রেজিয়া খাতুন বিশেষ ক্ষমতা আইনে এ মামলা দায়ের করেন।
এর আগে বিজয় কৃষ্ণের বিরুদ্ধে দক্ষিণখানের এক নারী ধর্ষণের মামলা করেছিলেন, যা ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে বিচারাধীন ছিল ।
ওই মামলায় তার প্রথম আইনজীবী ছিলেন সৈয়দ ফরিদা ইয়াসমিন জেসী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন , “মামলার বাদীপক্ষের সঙ্গে বিজয় কৃষ্ণের আপসের কথাবার্তা চলছিল, পরে মামলার ঘটনা সত্য বলে মনে হওয়ায় আমি আইনজীবী হিসাবে নিজেকে প্রত্যাহার করে নিই।”
