২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারও সংসদ অধিবেশনে যেতে পারবেন না সাংবাদিকরা

মহামারীকালের অন্য সময়ের মত শুরু হতে যাওয়া সংসদের চতুর্দশ অধিবেশনেও ঢুকতে পারবেন না সাংবাদিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2021, 03:46 PM

Updated : 07 Apr 2022, 11:32 PM

বুধবার সংসদ সচিবালয় ‘আসন্ন অধিবেশনে সম্মানিত সাংবাদিকবৃন্দের প্রতি নির্দেশনা’ শীর্ষক একটি বিজ্ঞপ্তি দেয়।

সেখানে বলা হয়, “সাম্প্রতিক করোনা মহামারিজনিত ভাইরাস (কোভিড ১৯)-এর সংক্রমণ প্রতিরোধে জনস্বার্থে অধিবেশনের সকল কার্যক্রম 'সংসদ বাংলাদেশ টেলিভিশন' এর সরাসরি সম্প্রচার হতে কাভার করার জন্য সম্মানিত সাংবাদিকবৃন্দের প্রতি অনুরোধ জানানো যাচ্ছে।

“করোনা পরিস্থিতিতে অধিবেশনকালীন গণমাধ্যমের সম্মানিত সাংবাদিকবৃন্দকে পাস সরবরাহ করা সম্ভব হচ্ছে না।”

আগামী ১ সেপ্টেম্বর বিকাল ৫টায় বসছে সংসদের অধিবেশন।

সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের এক অধিবেশন থেকে আরেক অধিবেশনের মধ্যে সর্বোচ্চ ৬০ দিনের বেশি বিরতি দেওয়ার সুযোগ নেই।

গত ৩ জুলাই শেষ হয়েছিল সংসদের বাজেট অধিবেশন।

মহামারীকালের অন্যান্য অধিবেশনের মতো শুরু হতে যাওয়া অধিবেশনটিও স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করা হবে বলে সংসদ সচিবালয়ের কর্মকর্তা জানিয়েছেন।