বিচারপতি আমির হোসেনের মৃত্যু অপূরণীয় ক্ষতি: তথ্য প্রতিমন্ত্রী
বিচারিক দায়িত্ব পালনকালে সততা ও দক্ষতার পরিচয় দিয়ে আসা বিচারপতি আমির হোসেনের মৃত্যুতে আইনাঙ্গন ও দেশের বিচার বিভাগের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান।
বিচারপতি আমির হোসেন
বেলা ২টার দিকে সুপ্রিম কোর্ট বার ভবনসংলগ্ন প্রাঙ্গণে বিচারপতি আমির হোসেনের জানাজা অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ছাড়াও সুপ্রিম কোর্টের আপিল ও হাই কোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা জানাজায় অংশ নেন।
এ বিচারকের মৃত্যুতে মঙ্গলবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচার কাজ বন্ধ রাখা হয়।
তথ্য প্রতিমন্ত্রীর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ গিয়াস উদ্দিন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জানাজা শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এ বিচারককে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়। পরে তার লাশ কিশোরগঞ্জে নিকলীর গ্রামের বাড়িতে নিয়ে দাফন করা হয়।
হাই কোর্ট বিভাগের বিচারপতি আমির হেসেন ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা।
মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বিচারক আমির হোসেন।
তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ঢাকার সম্মিলিত সামরিক হাসাপাতালে ভর্তি হওয়ার আগে দেশের বাইরেও তার চিকিৎসা হয়েছে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোনেন ও আইনমন্ত্রী আনিসুল হক।
