২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসান আজিজুল হকের অবস্থা অপরিবর্তিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের অবস্থা অপরিবর্তিত রয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2021, 06:48 PM

Updated : 02 Aug 2022, 06:14 PM

সোমবার বিএসএমএমইউর ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সোহেল মাহমুদ আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।

তিনি বলেন, হাসান আজিজুল হকের নমুনা পরীক্ষায় দ্বিতীয়বার করোনাভাইরাস ‘নেগেটিভ’ এসেছে।

“যদিও উনার কোভিড টেস্টে নেগেটিভ এসেছে, তারপরও সাসপেক্টেড কোভিড রোগী হিসেবে আমরা চিকিৎসা দিচ্ছি। উনাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। হার্টের একটা সমস্যা আগে থেকেই ছিল, ওটারও চিকিৎসা চলছে। উনি এখন স্টেবল আছেন, তবে অক্সিজেন লাগছে এখনও। অবস্থার উন্নতি না হলেও অবনতি হয়নি।”

হাসান আজিজুল হকের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ক্লিনিক্যাল কার্ডিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হারিসুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার মেডিকেল বোর্ড তাদের পর্যবেক্ষণ জানিয়েছে। মঙ্গলবার হাসান আজিজুল হকের বিষয়ে বোর্ডের আরেকটি বৈঠক আছে।

“পরীক্ষা নিরীক্ষার রিপোর্টগুলো পুরোপুরি এলে বোঝা যাবে, তার শারীরিক অবস্থাটা আসলে কেমন। আগামীকাল রিপোর্টগুলো পাব।”

হাসান আজিজুল হককে বিএসএমএমইউতে স্থানান্তর  

অসুস্থ হাসান আজিজুল হককে ঢাকায় এনে হাসপাতালে ভর্তি  

কথাসাহিত্যিক হাসান আজিজুল হক অসুস্থ  

গত ১৬ অগাস্ট হাসান আজিজুল হকের ছেলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ইমতিয়াজ হাসান ফেইসবুক পোস্টে তার বাবার অসুস্থতার কথা জানান।

পরে তিনি সাংবাদিকদের বলেন, “বাবার বার্ধক্যজনিত সমস্যা ছাড়াও আগে থেকেই তার হার্টে সমস্যা, ডায়াবেটিস রয়েছে। বর্তমানে তিনি হাইপোনাট্রেমিয়ায় অর্থাৎ শরীরে লবণের ঘাটতিতে বেশি ভুগছেন। তিনি একেবারে নিস্তেজ হয়ে গেছেন। চিন্তাশক্তিও কমে গেছে। খুব বেশি কথা বলতে পারছেন না। কাউকে সেভাবে চিনছেনও না।”

এরপর উন্নত চিকিৎসার জন্য শনিবার রাজশাহী থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নিয়ে আসা হয় হাসান আজিজুল হককে। দুপুরে তাকে ভর্তি করা হয় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে।

পরে রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসান আজিজুল হকের চিকিৎসায় রোববার একটি মেডিকেল বোর্ড গঠন করে বিএসএমএমইউ।

হাসান আজিজুল হক ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন।

১৯৭৩ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে শিক্ষকতা শুরু করেন। ২০০৪ সালে অবসরে যান।