২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৬ ঊর্ধ্বের নিখোঁজের তথ্য সিটিটিসিকে জানাতে হবে: ডিএমপি কমিশনার

১৬ বছরের ঊর্ধ্বের কারও বাসা থেকে নিখোঁজ হওয়ার তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে তা সিটিটিসিকে অবহিত করার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2021, 07:37 PM

Updated : 02 Aug 2022, 06:13 PM

বুধবার সকালে ঢাকা মহানগর পুলিশ- ডিএমপি সদরদপ্তরে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এই নির্দেশনা দেন।

এমন সময়ে এই নির্দেশনা এল যখন দুই দশক পর আফগানিস্তানে ক্ষমতা দখল করেছে তালেবানরা। বাংলাদেশ থেকেও তালেবানদের ডাকে সাড়া দিয়ে কেউ কেউ দেশটিতে গেছেন বলে আলোচনা রয়েছে।

ডিএমপি কমিশনার জাতীয় শোক দিবস উপলক্ষে গত শনিবার ধানমণ্ডি ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, আফগানিস্তানে সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে তালেবানের পক্ষ থেকে আহ্বান জানানোর পর বাংলাদেশের কিছু মানুষ ‘ঘর ছেড়েছে।

বুধবার ডিএমপির সভায় শফিকুল ইসলাম পুলিশ কর্মকর্তাদের ১৬ বছরের ঊর্ধ্বের কোনো ব্যক্তির নিখোঁজের তথ্য পেলে কিংবা থানায় জিডি হলে তা ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট- সিটিটিসিকে অবহিত করার নির্দেশনা দেন।

তালেবানের পুনরুত্থান: বাংলাদেশের জন্য কতটা শঙ্কার?  

আফগানদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধে ঢাকার ‘না’  

আফগানফেরতরা দেশে ঢুকলেই গ্রেপ্তার: ডিএমপি কমিশনার  

তালেবানের ডাকে ঘর ছেড়েছে কিছু মানুষ: ডিএমপি কমিশনার

সভায় ডিএমপিতে জুন ও জুলাই মাসে অস্ত্র, মাদক, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্যাটাগরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ভালো কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যকে পুরস্কারও দেন তিনি।

ডিএমপি কমিশনার কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, “দেশে লকডাউনের বিধিনিষেধ শিথিল করায় পরিস্থিতি স্বাভাবিক হতে যাচ্ছে। এখন আইন-শৃঙ্খলার যাতে অবনতি না ঘটে সে দিকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

“প্রকৃত অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। দায়িত্বপ্রাপ্ত সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। ঢাকা শহরের অপরাধ প্রতিরোধে সবাইকে আরও নিরলসভাবে কাজ করতে হবে।“

জুন ও জুলাই মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জানানো হয়, ডিএমপির আটটি ক্রাইম বিভাগের মধ্যে প্রথম হয়েছে গুলশান বিভাগ।