২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধে ঢাকার ‘না’

ক্ষমতার পালাবদলে দেশ থেকে পালাতে উন্মুখ আফগানদের আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2021, 09:53 PM

Updated : 02 Aug 2022, 06:13 PM

রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে ‘কষ্টে’ থাকায় সরকার এমন অবস্থান নিয়েছে বলে সোমবার পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন জানিয়েছেন।

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “যুক্তরাষ্ট্র আমাদের বন্ধু দেশ, তারা আমাদের কাছে অনুরোধ করেছিল, আমরা না করেছি।”

কাবুলের কেন্দ্রস্থল ‘ভূতুড়ে শহর’, বিমানবন্দরে আফগানদের দেশ ছাড়ার মরিয়া চেষ্টা  

কাবুল বিমানবন্দরে ‘নিহত অন্তত ৫’

সরকারের অবস্থানের বিষয়ে যুক্তি দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমরা বলেছি, রোহিঙ্গাদের নিয়ে অনেক কষ্টের মধ্যে আছি, আমাদের আর ঝামেলার ফেলবেন না।”

কোন মাধ্যমে অনুরোধ এসেছে- এ প্রশ্নে তিনি জানান, ওয়াশিংটন ও ঢাকার কূটনৈতিক মাধ্যমে এই অনুরোধ এসেছে।

দুই দশক পর গোঁড়া ইসলামী দল তালেবান রোববারই আফগানিস্তানের রাজধানীর দখল নিয়েছে। দেশটির অধিকাংশ এলাকা এখন তাদের নিয়ন্ত্রণে।

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীর অভিযানে উৎখাত হওয়া তালেবান আবার ফিরে এসেছে যুক্তরাষ্ট্রের সৈন্যরা আফগানিস্তান ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে।

শরিয়া আইন জারির করে তালেবান আবার নিপীড়ন চালাবে এই আশঙ্কায় আফগানদের অনেকে দেশ ছেড়ে পালাতে চাইছেন।

এমন মানুষের ভিড়ে কাবুল বিমানবন্দর লোকারণ্য হয়ে উঠেছে। আবার পাকিস্তান সীমান্তেও ভিড় জমিয়েছে আফগানরা। 

আফগানিস্তানে ‘জনগণের সরকার হলে গ্রহণ করবে’ বাংলাদেশ