২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ভারি বর্ষণ আরও দুদিন

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটির প্রভাব এখনও না পড়লেও মৌসুমি বায়ু সক্রিয় বলে আরও অন্তত দুদিন উপকূলীয় এলাকায় ভারি বর্ষণ হতে পারে বলে আভাস মিলেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2021, 09:20 PM

Updated : 02 Aug 2022, 06:13 PM

লঘুচাপটির অবস্থান এখন উড়িষ্যা উপকূলে। এর মধ্যেই রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি ধরনের ভারি বর্ষণ রয়েছে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সন্দ্বীপে ১২৮ মিলিমিটার। এসময় ঢাকায় ২৩ মিলিমিটার বৃষ্টি হয়।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে অন্ধ প্রদেশের উপকুলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের অদূরে উড়িয়্যা উপকূলে অবস্থান করেছে। এটি পশ্চিম-উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে- খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

মৌসুমী বায়ু দেশের উপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে প্রবল অবস্থায় রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভুঁইয়া জানান, আগামী দু’দিন দক্ষিণ পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে বলে আভাস রয়েছে।

পদ্মা নদীর গোয়ালন্দ পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় রাজবাড়ি ও ফরিদপুরের নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে।