২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মডার্না-সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে শনিবার

যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্না এবং চীনা কোম্পানি সিনোফার্মের কোভিড-১৯ টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ আগামী শনিবার আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2021, 11:43 PM

Updated : 02 Aug 2022, 06:12 PM

এর আগে বৃহস্পতিবারের পর থেকে মডার্নার টিকার প্রথম ডোজ বন্ধ রেখে এ টিকার দ্বিতীয় ডোজ প্রয়োগ শুরু করতে নির্দেশনা দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক ও এইচআইএস অ্যান্ড ই-হেলথের লাইন ডিরেক্টর অধ্যাপক মিজানুর রহমান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার থেকে মডার্না ও সিনোফার্মের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে।”

তবে কিছু কিছু কেন্দ্রে বৃহস্পতিবারও মডার্নার টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার খবর পাওয়া গেছে।

বাংলাদেশে মডার্নার কোভিড টিকা এসেছ কোভ্যাক্সের মাধ্যমে। এ পর্যন্ত এই টিকা পাওয়া গেছে ৫৫ লাখ ডোজ।

টিকাদান কর্মসূচি এখন মডার্না ও সিনোফার্মের উপর নির্ভর করেই চলছে। তবে প্রথম ডোজে মডার্নার টিকা এখন আর দেওয়া হবে না।

আগামী ১৪ অগাস্ট থেকে সারাদেশে আবশ্যিকভাবে সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে আগেই বলেছিল সরকার।

মডার্নার প্রথম ডোজ বন্ধ হচ্ছে, সিনোফার্ম চলবে  

Image
সিনোফার্মের করোনাভাইরাস টিকার বেশ কিছু ব্যবহৃত ভায়াল। ফাইল ছবি

সিনোফার্মের করোনাভাইরাস টিকার বেশ কিছু ব্যবহৃত ভায়াল। ফাইল ছবি

সরকারের হাতে এখন সিনোফার্মের টিকাই সবচেয়ে বেশি রয়েছে। দ্বিতীয় ডোজের সঙ্গে এই টিকার প্রথম ডোজও চলবে।

সিনোফার্মের সাড়ে ৭ কোটি ডোজ কেনার চুক্তি সরকার করেছে। তার মধ্যে ১ লাখ ১৫ হাজার ডোজ টিকা ইতোমধ্যে সরকার হাতে পেয়েছে।

এর মধ্যে চীন থেকে কেনা ৭০ লাখ টিকা দেশে এসেছে আগেই। এছাড়া চীন থেকে উপহার এসেছে আরও ১১ লাখ ডোজ। আর শেষ দুই দফায় ৩৪ লাখ টিকা এসেছে কোভ্যাক্সের আওতায়।

কোভ্যাক্স থেকে ফাইজার-বায়োএনটেকের তৈরি ১ লাখ ৬২০ ডোজ টিকাও বাংলাদেশে এসেছে।

আর যে কোভিশিল্ড দিয়ে গত ফেব্রুয়ারিতে টিকাদান শুরু হয়, ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ২ চালানে ৭০ লাখ ডোজ টিকাই কেবল এসেছিল। তার সঙ্গে ভারত সরকারের উপহার হিসেবে পাওয়া গিয়েছিল আরও ৩২ লাখ ডোজ।

তখন প্রথম ডোজ নেওয়ার পর যারা আটকে গিয়েছিলেন, তাদের জন্য ব্যবহার করা হচ্ছে কোভ্যাক্স থেকে পাওয়া অ্যাস্ট্রাজেনেকার টিকা। জাপান থেকে এই টিকার ১৬ লাখ ৪৩ হাজার ডোজ এসেছে বাংলাদেশ।