‘দর্জি মনির’ রিমান্ড শেষে কারাগারে
‘বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদ’ নামে একটি ভুঁইফোড় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মনির খানকে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
দরজি মনির নামে পরিচিত এই ব্যক্তিকে রিমান্ড শেষে পুলিশ সোমবার ঢাকার আদালতে পাঠালে তিনি জামিন চান।
মহানগর হাকিম বাকী বিল্লাহ জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কামরাঙ্গীরচর থানায় করা ডিজিটাল নিরাপত্তা আইনের এই মামলায় তাকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক মুহাম্মদ সাইফুল ইসলাম।
গত ৩ আগস্ট মনিরের বিরুদ্ধে কামরাঙ্গীরচর থানায় ঈসমাইল হোসেন নামে এক ব্যক্তি মামলা করেন।
মামলায় অভিযোগ করা হয়, একটি ছোট দর্জির দোকানের চাকরি করতেন মনির। হঠাৎ করে নিজেকে রাজনৈতিক নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। ফেইসবুকে বিভিন্ন রাজনৈতিক নেতার বন্ধু হন। একেক সময় একেক রাজনৈতিক পদবী, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের এমডি হিসেবে নিজেকে পরিচয় দিতেন।
বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রধানমন্ত্রীসহ মন্ত্রী-এমপি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে নিজের ছবি এডিট করে বসিয়ে নিজেকে বাংলাদেশ জননেত্রী শেখ হাসিনা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দাবি করতেন মনির।
এই পরিচয়ে তিনি ও তার সহযোগীরা ঢাকা এবং বিভিন্ন জেলা-উপজেলায় কমিটি দেওয়ার নাম করে অনেকের কাছ থেকে টাকা নেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
