২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লকডাউনের ১৪ দিনে ঢাকায় গ্রেপ্তার ৯ হাজার

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউনের ১৪ দিনে বিধিনিষেধ অমান্যে রাজধানীতে নয় হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2021, 07:44 PM

Updated : 02 Aug 2022, 06:05 PM

একই সময়ে ভ্রাম্যমাণ আদালত দুই হাজার ৯৯৯ জনের কাছ থেকে ৩৯ লাখ ১২ হাজার ৩৩০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া ট্রাফিক পুলিশ অপ্রয়োজনে বের হওয়া আট হাজার ১৩৯টি গাড়িকে মোট এক কোটি ৮৩ লাখ ৩৯ হাজার ৭৭৫ টাকা জরিমানা করেছে।

গত ১ জুলাই থেকে শুরু হওয়া এই কঠোর লকডাউনের বিধিনিষেধ প্রথমে এক সপ্তাহ চলার কথা থাকলেও পরে তার আরও এক সপ্তাহ বাড়িয়ে ১৪ জুলাই পর্যন্ত করা হয়।

তবে ঈদের আগে এই বিধিনিষেধ ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল করা হয়েছে। এরপর ২৩ জুলাই থেকে ৫ অগাস্ট পর্যন্ত আবার কঠোর লকডাউনের সরকারি ঘোষণা এসেছে।

লকডাউনের প্রথমদিন ঢাকায় ৫৫০ জন এবং দ্বিতীয় দিন ৩২০ জন গ্রেপ্তার হয়।

তবে দিন যাওয়ার সঙ্গে সঙ্গে মানুষের চলাচলও বেড়ে যায়। এই ১৪ দিনের মধ্যে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে সপ্তম দিনে ১১০২ জন আর দ্বিতীয় সর্বোচ্চ অষ্টম দিনে ১০৭৭ জন।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সবচেয়ে বেশি জনকে আটক করে জরিমানা করা হয়েছে লকডাউনের তৃতীয় দিনে ৩৪৬ দিনে আর দ্বিতীয় সর্বোচ্চ অষ্টম দিনে ৩১৮ জনকে।

তবে সবচেয়ে কম সংখ্যক জনকে জরিমানা করা হয়েছে ১৪তম দিনে, ওই দিন ১০৫ জনকে জরিমানা করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার ইফতেখারুল ইসলাম বলেন, “লকডাউনের শেষ দিনে রাজধানীতে অপ্রয়োজনে বের হওয়ায় ৪৬২ জনকে গ্রেপ্তার আর মোবাইল কোর্টে ১০৫ জনকে এক লাখ ৩২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। ট্রাফিক পুলিশ ৭৪৪ টি গাড়িকে ১৫ লাখ ৭৯ হাজার ৫০০টাকা জরিমানা করেছে।

লকডাউনের ১৪ দিনে সবচেয়ে বেশি গাড়ির বিরুদ্ধে মামলা করা হয়েছে ষষ্ঠ দিনে; ওই দিন রাজধানীর ট্রাফিক পুলিশ ১০৮৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে।

আর লকডাউনের দ্বিতীয় দিনে সবচেয়ে কম ৬৮টি গাড়ির বিরুদ্ধে মামলা করে ট্রাফিক পুলিশ।

গ্রেপ্তারদের বেশিরভাগকেই ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশের কয়েকটি ধারায় আদালতে পাঠায়।

এসব মামলা ‘পাঁচ আনি‘ মামলা হিসেবে পরিচিত। আদালতে ম্যাজিস্ট্রেট কর্তৃক ধার্যকৃত জরিমানার টাকা দিয়েই ছাড়া পেয়েছেন গ্রেপ্তারদের বেশিরভাগ।