চলন্ত ট্রাক থেকে পড়ে গরু ব্যবসায়ী নিহত
রাজধানীতে চলন্ত ট্রাক থেকে পড়ে এক গরু ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত বাসেদ আলী (৩২) চাঁপাইনবাবগঞ্জের সদরের মনশেফপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।
সোমবার দিবাগত রাত ২টায় শুক্রাবাদ ফুট ওভারব্রিজের নিচে এ ঘটনা ঘটে বলে শেরেবাংলা নগর থানার এসআই মতিউর রহমান জানান।
নিহতের ছোট ভাই আলী হোসেনের বরাত দিয়ে তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে ট্রাকে গরু নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন বাসেদ। শুক্রাবাদে ট্রাকের রেলিং থেকে নিচে পড়ে আহত হন।
পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোর সোয়া ৪টায় তার মৃত্যু হয়।
পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই মঙ্গলবার বিকেলে তার মৃতদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে এসআই মতিউর জানান।
