২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরকর্মীরা টিকা পাবেন বুধবার থেকে: নৌ প্রতিমন্ত্রী

দেশের সমুদ্র ও স্থলবন্দরগুলোর কর্মকর্তা ও কর্মচারীদের বুধবার থেকে অগ্রাধিকার ভিত্তিতে করোনাভাইরাসের টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2021, 05:44 PM

Updated : 07 Apr 2022, 11:20 PM

রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি সাংবাদিকদের বলেন, “১৪ জুলাই থেকে এ কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীরা সুরক্ষিত হয়ে কাজ করতে পারবেন। করোনাভাইরাসের টিকার কোনো সঙ্কট হবে না।”

প্রতিমন্ত্রী জানান, সমুদ্র ও  স্থলবন্দরের কর্মীদের মধ্যে প্রথম পর্যায়ে ১২ হাজার টিকা দেওয়া হবে। টিকা প্রাপ্তি সাপেক্ষে এ কর্যক্রম চলমান থাকবে।

মহামারীর মধ্যে বন্দরগুলোতে দক্ষ কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করায় দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ এখনও সচল রয়েছে বলে মন্তব্য করেন তিনি।

খালিদ মাহমুদ বলেন, “করোনায় তারা ক্ষতিগ্রস্ত হলে বন্দরের কাজকর্ম অচল হয়ে যাবে। সরকার অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে টিকা দেবে।”

চট্টগ্রাম বন্দরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, “সেখানে করোনার জন্য ৫০ শয্যার ডেডিকেটেড হাসপাতাল করা হয়েছে। মোংলা বন্দরেও কাজ চলছে।”

সরকারের টিকাদান পরিকল্পনা নিয়ে যারা সমালোচনা করছেন, তাদের উদ্দেশে নৌ প্রতিমন্ত্রী বলেন, “প্রথম দিকে টিকার সঙ্কট প্রকট ছিল। অনেক দেশ টিকা পাচ্ছিল না। বিশ্বের ৩০টি দেশের তালিকায় প্রথম থেকে আমরা টিকা পেয়েছি। ভ্যাকসিন নিয়ে সমালোচনা সঠিক নয়।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, লকডাউনে ফেরি চলাচল বন্ধ হয়নি, জরুরি সেবার অংশ হিসেবে স্বাস্থ্যবিধি মেনে ফেরি চলাচল অব্যাহত থাকবে।

তবে ৯ জুলাই থেকে ফেরিতে যাত্রীবাহী সকল ধরনের গাড়ি ও যাত্রী পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। কেবল জরুরি পণ্যবাহী গাড়ি ও অ্যাম্বুলেন্স এখন ফেরিতে পারাপার করা হচ্ছে।