একটি ফর্ক লিফট ও সহকর্মীদের বাঁচাতে রুবেলের বুদ্ধিমত্তা
কাজকর্ম গোছগাছ করে সবে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন হাশেম ফুডসের ফর্ক লিফট অপারেটর শ্রী দেবনাথ জিৎ রুবেল। তখনই কারখানায় শুরু হয় চিৎকার-চেঁচামেচি । তিনি দেখতে পান দোতলার জানালা দিয়ে অনেক শ্রমিক লাফ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। প্রচুর ধোঁয়ায় দম আটকে যাচ্ছে বলে সাহায্য চেয়ে প্রাণপনে ডাকছেন।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের হাসেম ফুডস কারখানার আগুন তখন সবেমাত্র লেলিহান শিখায় রূপ নিতে শুরু করেছে। ফায়ার সার্ভিসের গাড়িও এসে পৌঁছেনি।
সহকর্মীদের আর্তচিৎকারের মধ্যেই চট করে বুদ্ধিটা মাথায় আসে ২৪ বছরের এই যুবকের; যাকে এখন সবাই বীর মানছেন।
কী করেছেন- অসীম সাহসী এই ফর্ক লিফট অপারেটর, সেকথাই এখন কারখানার বেঁচে যাওয়া কর্মীদের মুখে মুখে। কৃতজ্ঞতায় মাথা নুইয়ে পড়ছে তাদের।
বৃহস্পতিবার ভয়াল আগুনের মধ্যে তার লিফটে করেই দোতলা থেকে নিচে নেমে আসা মফিজুল তাদেরই একজন। তার মুখেই শুনুন সে কথা।
তিনি যখন লিফটে ওঠেন তার আগেই অগ্নিকুণ্ডে পরিণত হওয়া সেই ভবন থেকে ১৫ থেকে ২০ জনকে নিচে নামিয়ে এনেছেন তিনি।
নিজের দাঁত ভেঙে, কোমরে ব্যাথা পেয়ে এখন হাসপাতালে কাতরালেও রুবেলের কথা উঠতেই হাস্যজ্জল হয়ে উঠল তার মুখ। রুবেলের বীরোচিত কাজের জন্য টোস্ট সেকশনের এই কর্মী কৃতজ্ঞতা জানাচ্ছেন বারবার।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে জ্বলছে হাসেম ফুডস কারখানা; শুক্রবার সকালে আগুন নেভোনোর চেষ্টায় ফায়ার সার্ভিস কর্মীরা। ছবি: মাহমুদ জামান অভি
“এরপর আমি যখন নামার জন্য ফর্ক লিফটে উঠি তখন তিনতলা থেকে পরপর দুইজন লাফ দিয়ে আমার ওপর পড়েন। এতটা ব্যাথা পাই যে চোখেমুখে কিছু দেখছিলাম না। তবুও তো জানে বেঁচে যাই।“
পরে হাসপাতালে আসার পর দেখা যায় মফিজুল কাঁধে, বুকে ও মুখে আঘাত পেয়েছেন। তার দুটি দাঁত পড়ে গেছে, নাকের হাড় ভেঙে গেছে- তবুও আগুনের লেলিহান শিখা থেকে বেঁচে ফিরতে বলেছেন বলে রুবেলকে মানছেন ‘হিরো’।
ভয়াবহ অগ্নিকাণ্ডের দিনে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া যুবক রুবলে থেমে থাকেননি শনিবারও। পোড়া কারখানা প্রাঙ্গনে দুপুরে ফর্ক লিফটটির স্টিয়ারিং হাতেই পাওয়া গেল তাকে।
ফায়ার সার্ভিসকে সহায়তা করার জন্য স্টোর থেকে গাড়িটা নিতে এসেছেন তিনি। তবে ব্যাটারি দুর্বল হয়ে যাওয়ায় ইঞ্জিন স্টার্ট নিল না।
ফর্ক লিফটে সহকর্মীদের নামানোর দৃশ্য, ফেইসবুক থেকে নেওয়া।
হাসেম ফুডস কারখানার ফর্ক লিফটের চালক রুবেল সেদিনের ঘটনা বর্ণনা করে বলেন, “দোতালার জানালা দিয়ে ধোঁয়া বের হচ্ছিল। কাঁচ ভেঙে নিচে লাফ দেওয়ার চেষ্টা করছেন অনেকে।
“কাঁচ ঘেরা ভবনের ভাঙ্গা অংশ দিয়ে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে, আগুনের শিখা দেখা যাচ্ছে। তখন মাথায় আসে ফর্ক লিফট দোতলা পর্যন্ত নাগাল পায়।“
এরপর রুবেল দ্রুত স্টোর থেকে সেটি বের করে সামনে একটি প্লাস্টিকের পাটাতন (ডেনিস) দিয়ে গাড়িটি দোতলার একটি জানালা বরাবর দাঁড় করান। এটির সামনের অংশটি দোতলা পর্যন্ত উঠিয়ে দেন।
এরপর দোতলা থেকে শ্রমিকরা সেখানে দাঁড়ালে রুবেল লিফটটিকে নিচে নামিয়ে ফেলেন। তার ভাষ্য, এভাবে কয়েকবারে ২৫ থেকে ৩০ জনকে নামিয়ে আনতে পারেন তিনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তার কাজের একটি ভিডিওতে দেখা যায়, ফর্ক লিফটে চড়ে দোতলা থেকে নামছেন শ্রমিকরা। এরমধ্যে ওপর থেকে লাফ দিয়ে কয়েকজন পরেও যান।
রূপগঞ্জে সজীব গ্রুপের হাসেম ফুডসের এই কারখানায় বৃহস্পতিবার ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধ শতাধিক শ্রমিক-কর্মচারী প্রাণ হারান। আগুনে মরদেহ এতটাই পুড়েছে যে নিহতদের কাউকে এখন সনাক্তই করা যাচ্ছে না।
সেদিনের ঘটনার বর্ণনা করে রুবেল বলেন, “এর মধ্যেই ঠেলাঠেলি করে কয়েকজন শ্রমিক ফর্ক লিফট থেকে পড়েও যান। তিন তলা থেকে লিফট লক্ষ্য করে লাফ দেন কয়েকজন। তারা লিফটে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে আহত হন।“
আরেক কর্মী মফিজুল ইসলাম দোতলা থেকে ফর্ক লিফটে তুলে দিয়েছেন অনেককে।
রুবেলের এই সাহসী ও দূরদর্শী কাজের প্রত্যক্ষদর্শী কারখানার লিচি ও লাচ্ছি সেকশনের প্রোডাকশন সুপারভাইজার ২৬ বছরের আশরাফুল ইসলামও।
কোমরে আঘাত নিয়ে হাসপাতালে শয্যাশায়ী এই কর্মী বলেন, “আমি তিনতলায় ছিলাম। আগুন লাগার পর ধোঁয়ায় কিছু দেখা যাচ্ছিল না। নিচে দেখি কারখানার ফর্ক লিফটটি উঁচু করে ধরে লোকজনকে উদ্ধারের চেষ্টা করছেন চালক।
“দোতালার কর্মীরা ফর্ক লিফটে পা রেখে নামছেন। আমিও ফর্ক লিফট বরাবর লাফ দেই। লাফ দিয়ে ফর্ক লিফটে ড্রপ খেয়ে টেনিস বলের মতো মাটিতে আছড়ে পরি।”
