২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

উপহারের ঘরের প্রতিটি অভিযোগ যাচাই হবে: প্রকল্প পরিচালক

প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ঘর নির্মাণে অনিয়ম বা ত্রুটির প্রতিটি অভিযোগ সরেজমিনে যাচাই করার কথা জানিয়েছেন প্রকল্প পরিচালক মো. মাহবুব হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2021, 08:46 PM

Updated : 10 Oct 2022, 06:05 PM

শনিবার দুপুরে বগুড়া জেলার শেরপুর উপজেলার বুড়িগাড়ির খানপুর এলাকায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শনকালে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে অভূতপূর্ব এক উদ্যোগে সারাদেশের ভূমিহীন ও গৃহহীন ৮ লাখ ৮৫ হাজার ৬২২টি পরিবারের তালিকা করে তাদের জমিসহ ঘর উপহার দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

‘মুজিববর্ষে কেউ গৃহ ও ভূমিহীন থাকবে না’- বঙ্গবন্ধুকন্যার এই ঘোষণা বাস্তবায়নে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় এরই মধ্যে ২ শতাংশ জমির সঙ্গে ঘর পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৩৬০টি পরিবার৷

কিন্তু বর্ষার শুরুতেই কয়েকটি স্থানে ভূমি ধসে ঘর ভেঙে পড়ায়, কয়েকটি ঘরে ফাটল দেখা দেওয়ায় নির্মাণের মান নিয়ে প্রশ্ন ওঠার পাশাপাশি অনিয়ম-দুর্নীতির অভিযোগও উঠেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জানা যায়, এপর্যন্ত ২২ জেলার ৩৬ উপজেলায় ঘর তৈরিতে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

এসব অভিযোগ তদন্তে শুক্রবার থেকে প্রথম দফায় সারাদেশের বিভিন্ন জেলা-উপজেলাকে পাঁচটি ব্লকে ভাগ করে পরিদর্শন শুরু করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে আশ্রয়ণ প্রকল্পের পাঁচটি টিম।

এর মধ্যে একটি টিমে আশ্রয়ণ-২ প্রকল্প পরিচালক মাহবুব হোসেন নিজেই নেতৃত্ব দিচ্ছেন।

শনিবার বগুড়ার শেরপুরে পরিদর্শনকালে তিনি বলেন, “কোথায় কী সুবিধা-অসুবিধা সেটা সনাক্ত করে কী ব্যবস্থা নেওয়া যায়, সেই কাজ করছি।“

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “একটি কাজ করতে গেলে অনিচ্ছাকৃত ভুল হতে পারে। সে বিষয়টি আমরা দেখছি। যে বিষয়গুলো বিভিন্ন মিডিয়াতে এসেছে- সেগুলো কি ভুল নাকি ইনটেনশনাল, সেটা আমরা যাচাই করছি।

“প্রত্যেকটা কেস, প্রত্যেকটা বিষয় আমরা অ্যাটেইন করব, কোনটাই আনঅ্যাটেন্ডেড থাকবে না।“

পরিদর্শন শুরুর আগেই সব জেলা ও উপজেলা প্রশাসনকে কমিটি করার নির্দেশ দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, “কারিগরি কমিটি করে প্রত্যেকটা ঘর সরেজমিন দেখে যদি কোনো নির্মাণগত ত্রুটি থাকে তাৎক্ষণিক মেরামত করবে। যদি সঠিক থাকে আমাদেরকে জানাবে।“

পরিদর্শনের পর বগুড়ার শেরপুরে কয়েকটি ঘর আংশিকভাবে ধসে পড়া প্রসঙ্গে প্রকল্প পরিচালক বলেন, “গতকাল (শুক্রবার) আমরা ঘুরেছি মুন্সিগঞ্জ, টাঙ্গাইলের মির্জাপুর; আজকে এসেছি বগুড়ার শেরপুর উপজেলায়। এখানে আমরা যেটা দেখলাম শেরপুর খালের পাশে ২২টি ঘর নির্মাণ করা হয়েছিল, এর মধ্যে ৭টি ঘরের টয়লেটের অংশটা, পাক-ঘর, টয়লেটের অংশটা ভূমি ধসের কারণে পড়ে গেছে।“

ধসে পড়ার কারণ সম্পর্কে তিনি বলেন, “এটা আমরা বাইরে থেকে জেনেছি এটা অবহেলা বা অনিয়মজনিত কোনো সমস্যা হতে পারে। যেটি দেখলাম যে টয়লেটের পেছনে আরসিসি পিলার দিয়ে করা হয়েছে। কিন্তু সেটিও টিকে নাই।

“তার কারণ হলো পাশে এখানে বিশাল ফসলের ক্ষেত পানিটা যখন নিচ থেকে নিষ্কাশন হয় তখন প্রেসার পড়ে। এই কারণে এই সাতটি ঘরের পেছনে আরসিসি পিলার ভেঙে ধসে গিয়েছে এবং ড্রেনেজের পানির কারণে এটা হয়েছে।“

সমস্যার সমাধান বিষয়ে প্রকল্প পরিচালক বলেন, “এই সমস্যা সমাধানে এখানে কমিটি করা হয়েছে। এখানে অলরেডি জিও ব্যাগ ফেলা হয়েছে। আর শস্য ক্ষেতের পানিটা যাতে ঘরের উপর প্রেসার তৈরি না করে সেজন্য একটা স্থায়ী ড্রেনেজ সিস্টেম করে দেওয়া হবে।“

জায়গা নির্ধারণের বিষয়ে অপর এক প্রশ্নে তিনি বলেন, “আমাদের সব ঘর কিন্তু খাস জমিতে হয়েছে। খাস জমি কিন্তু রেডিমেড বা বাড়ির ভিটি লেভেল তা না। অনেকগুলোই একটু জমির লেভেলে রয়েছে।

“সব খানে যে জলাবদ্ধতা হবে তা না, কিছু কিছু জায়গায় অতি বৃষ্টির কারণে জলাবদ্ধতা হয়েছে। স্থানীয় প্রশাসন সেটি নিষ্কাশন এবং ঘর সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।”

তিনি আরও বলেন, “আমাদের বৃহত্তম কাজ, বিশ্বের মধ্যে সর্বপ্রথম, সর্ববৃহৎ এক সাথে এক লাখ ১৮ হাজার ৩৮০ পরিবারকে ভূমিহীন-গৃহহীনকে জমি ও গৃহদানের কাজটি যারা করেছেন নবীন কর্মকর্তা, প্রশাসন, জনপ্রতিনিধি সবাই কিন্তু সম্পৃক্ত। তাদেরকে অবশ্যই আমরা ধন্যবাদ এবং স্যালুট জানাই। সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।“

শুক্রবার মুন্সিগঞ্জ সদর ও টাঙ্গাইলের মির্জাপুরের বিভিন্ন এলাকায় বাড়ি পরিদর্শন করেন মাহবুব হোসেনের নেতৃত্বাধীন দল। শনিবার বগুড়ার বিভিন্ন উপজেলায় পরিদর্শন করছে এই দল।

দলগুলোকে নির্মিত এবং নির্মাণাধীন ঘরগুলোর নির্মাণশৈলী ও গুণগতমান, অনুমোদিত ডিজাইন ও প্রাক্কলন অনুযায়ী হয়েছে কিনা, তা যাচাই করার এবং ছবিসহ প্রতিবেদন তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।

এর ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর উপহারের ঘর নির্মাণে অনিয়ম, অবহেলা ও অর্থ আত্মসাৎকারীদের অভিযোগ ওঠার পর সরকার ‘জিরো টলারেন্স’ নীতিতে এগোনোর কথা জানিয়েছে।

অভিযোগ তদন্ত করে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়াও শুরু হয়েছে। এরই মধ্যে পাঁচজন সরকারি কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে।

আরও পড়ুন-

‘প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি নিয়ে অনিয়ম সহ্য করা হবে না’  

উপহারের ঘর তৈরিতে গাফিলতি: প্রধানমন্ত্রীর কার্যালয়ের টিম মুন্সীগঞ্জে  

প্রধানমন্ত্রীর উপহারের ঘর তৈরিতে গাফিলতি, এখন থেকে ‘জিরো টলারেন্স’  

নতুন ঘর পেল আরও সাড়ে ৫৩ হাজার পরিবার