কামরাঙ্গীরচরে অটোরিকশার ব্যাটারি বিস্ফোরণে দগ্ধ দম্পতির মৃত্যু
ঢাকার কামরাঙ্গীরচরে একটি বাড়িতে অটোরিকশা চার্জ দেওয়ার সময় বিস্ফোরণে এক দম্পতি মারা গেছেন।
শুক্রবার ভোরে সিলেটিবাজার কাজী গলির একটি দোতলা বাড়ির নিচতলায় ওই বিস্ফোরণ ঘটে।
বিস্ফোরণে অগ্নিদগ্ধ আব্দুল মতিন (৪০) ও তার স্ত্রী ইয়াসমিন আক্তার ময়নাকে (৩৫) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার রাতে ইয়াসমিন এবং শনিবার সকালে মতিন মারা যান।
ইয়াসমিন ও মতিনের শরীরের ৯৫ শতাংশ পড়ে গিয়েছিল।
তাদের দুই শিশু সন্তান আয়শা (৬) ও মায়শা (১০) এখনও হাসপাতালে ভর্তি বলে জানান পুলিশ কর্মকর্তা বাচ্চু। শিশু দুটির দেহের ৪২ শতাংশ দগ্ধ হয়েছে।
কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মতিন তার অটোরিকশার ব্যাটারি চার্জ করার সময় বিস্ফোরণ ঘটে। এতে নিচতলায় তাদের বাসায় আগুন ধরে যায়।
