কামরাঙ্গীরচরে ‘ব্যাটারি বিস্ফোরণ’, চারজন দগ্ধ
ঢাকার কামরাঙ্গীরচর সিলেটিবাজার এলাকায় একটি বাসায় ‘অটোরিকশার ব্যাটারি চার্জ করার সময় বিস্ফোরণে’ আগুন লেগে এক পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।
শুক্রবার ভোর ৪টার দিকে সিলেটিবাজারের আহসানবাগ কাজী গলির একটি দোতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
ওই বাসার বাসিন্দা আব্দুল মতিন (৪০), তার স্ত্রী ইসয়াসমিন আক্তার ময়না (৩৫), দুই মেয়ে আয়শা (৬) ও মায়শাকে (১০) শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
তাদের সবার অবস্থাই ‘আশঙ্কাজনক’ বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান।
কামরাঙ্গীরচর থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা আনোয়ার বলেন, “মতিন তার অটোরিকশার ব্যাটারি রিচার্জ করার সময় বিস্ফোরণ হয়। তাতে ঘরে আগুন লেগে যায়। ধারণা করা হচ্ছে, চার্জারের বৈদ্যুতিক সংযোগ ও ওই বাসার ফ্রিজের সংযোগ একই লাইনে থাকায় এ ঘটনা ঘটেছে।”
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল ফাঁড়ির পরিদর্শক বাচ্চু বলেন, মতিন ও ময়নার শরীরের ৯৫ শতাংশ এবং আয়শা ও মায়শার ৪২ শতাংশ দগ্ধ হয়েছে।
