২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিশু গৃহকর্মী নির্যাতন: গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে মামলা

ঢাকায় শিশু গৃহকর্মী নির্যাতনের অভিযোগ ওঠার পর ৫৪ ধারায় গ্রেপ্তার দম্পতির বিরুদ্ধে শিশুটির বাবা মামলা করেছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2021, 12:34 AM

Updated : 02 Aug 2022, 06:03 PM

সেই মামলায় গৃহকর্তা তানভীর আহসান পাভেল ও গৃহকর্ত্রী নাহিদ জাহান আঁখিকে গ্রেপ্তার দেখাতে আদালতে আবেদন করেছে শাহবাগ থানা পুলিশ।

মঙ্গলবার সেই আবেদন পেয়ে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ জসিম আগামী ১৫ জুলাই আসামিদের উপস্থিতিতে শুনানির তারিখ ঠিক করেছেন। আগামী ২ অগাস্ট মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখও ধার্য করেছেন তিনি।

তোপখানা রোডের বাসা থেকে পাভেল ও নাহিদ দম্পতিকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠিয়েছিল পুলিশ। বিচারক তাদের কারাগারে পাঠিয়ে দেন।

ওই দম্পতির বাড়িতে কাজ করত কিশোরগঞ্জ মিঠামইনের গাড়ির মেকানিক শহিদ মিয়ার মেয়েটি।

অভিযোগ উঠেছে, মেয়েটিকে লাঠি দিয়ে হাত, পা, পিঠ ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের পাশাপাশি মশা মারার ইলেকট্রিক ব্যাট দিয়ে শকও দেওয়া হয়।

৩ জুলাই মেয়েটি পালিয়ে কাছে আরেকটি বাসায় আশ্রয় নেয়। তারা ৯৯৯ এ ফোন করলে পুলিশ গিয়ে মেয়েটিকে উদ্ধার করে এবং তার কাছে অভিযোগ শুনে পাভেল ও নাহিদকে গ্রেপ্তার করে।

মেয়েটির বাবা শহিদ খবর পেয়ে ঢাকায় এসে সোমবার শাহবাগ থানায় মামলা করেন।

শহিদ বিডিনিউজ টোয়েন্টফোর ডটকমকে বলেন, অভাবের কারণে ৯ মাস আগে মেয়েটিকে ৩ হাজার টাকা বেতনে গৃহকর্মী হিসেবে পাভেলের বাসায় পাঠান তিনি। দুই মাসের বেতন তিনি তখন নিয়েছিলেন। পরে সাত মাসে আর কোনো টাকা দেয়নি আসামিরা। এমনকি মেয়েকে দেখতে এলেও দেখা করতে দেয়নি।

নির্যাতনের মামলাটি বাদী পক্ষে পরিচালনার জন্য বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) অথবা সরকারি ঢাকা জেলা লিগ্যাল এইডের শরণাপন্ন হচ্ছেন বলে জানান তিনি।

পুরনো খবর:

শিশু গৃহকর্মীকে নির্যাতন: স্বামী-স্ত্রী কারাগারে