কলাবাগানে সড়ক দুর্ঘটনায় সবজি বিক্রেতার মৃত্যু
রাজধানীর কাঁঠাল বাগানের ঢালে একটি ভ্যান উল্টে এক সবজি বিক্রেতার মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল আজিজ (৩৫) ঢাকার শ্যামবাজারে সবজির ব্যবসা করতে। তার সঙ্গে থাকা সাইফুল ইসলাম (৩০) নামের আরেক সবজি বিক্রেতা শনিবার মধ্যরাতের ওই দুর্ঘটনায় আহত হয়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লকডাউনে ফাঁকা রাস্তায় ভ্যানটি কাঁঠালবাগান ঢালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আব্দুল আজিজ ও সাইফুল ইসলাম আহত হন।
তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল আজিজকে মৃত ঘোষণা করেন।
ভ্যানচালক আলম বলেন, শ্যামবাজারের দুই কাঁচামাল ব্যাবসায়ী তার ভ্যানে করে কারওয়ানবাজারে যাচ্ছিলেন সবজি কেনার জন্য।
“পথে কাঁঠাল বাগানের ঢালে পদ্মা ডায়াগনস্টিক সেন্টারের সামনে একটি বেড়াল দৌড়ে যাওয়ার সময় চাকার নিচে পড়লে ভ্যান উল্টে যায়।”
পথচারীদের সহযোগিতায় আহত দুই ব্যবসায়ীকে হাসপাতালে নেওয়া হলেও তার আগেই একজনের মৃত্যু হয় বলে জানান আলম।
